ইরানে আগ্রাসন চালানো হলে দাঁত ভাঙা জবাব দেয়া হবে: আমির হাতামি
ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি বলেছেন, প্রতিরোধশক্তি শত্রুদের সর্বোচ্চ চাপ সর্বোচ্চ অনুনয় বিনয়ে পরিণত করবে।
আজ (রোববার) তেহরানে একটি অনুষ্ঠানে জেনারেল আমির হাতামি বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান শত্রুদের যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে শক্ত ও দাঁত ভাঙা জবাব দেবে। এ অঞ্চলে মাজারগুলোর প্রতিরক্ষা দিতে গিয়ে শাহাদাৎবরণকারী ব্যক্তিদের আত্মোৎসর্গকে মহান কাজ হিসেবে আখ্যায়িত করে হাতামি বলেন, শত্রুরা পশ্চিম এশিয়ায় এমন একটি দেয়াল সৃষ্টি করতে চেয়েছিল যাতে শিয়া এবং সুন্নী মুসলমানরা শত শত বছর ধরে পরস্পর সংঘর্ষ এবং হানাহানিতে লিপ্ত থাকতে পারে। কিন্তু মাজার রক্ষীদের পাশাপাশি এ অঞ্চলের মানুষের সহযোগিতায় শত্রুদের এ ষড়যন্ত্র ব্যর্থ হয়ে গেছে।
সম্প্রতি সৌদি আরবের দুটি তেল স্থাপনায় ইয়েমেনের প্রতিরোধকামী শক্তি হুথি আনসারুল্লাহ বাহিনীর ড্রোন হামলার কথা উল্লেখ করে জেনারেল হাতামি বলেন, নিজেদের লজ্জা ঢাকতে সৌদি সরকার এখন অন্য দেশের ওপর দোষ চাপাচ্ছে।
ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ বাহিনী সম্প্রতি সৌদি আরবের ইস্টার্ন প্রদেশে আবকাইক ও খুরাইসে অবস্থিত আরামকো কোম্পানির দুটি স্থাপনায় ড্রোন হামলা চালায়। হামলার পরপরই কোনো ধরনের প্রমাণ ছাড়াই সৌদি আরব এবং আমেরিকা দাবি করে আসছে যে হামলার পেছনে ইরানের হাত রয়েছে। তবে তেহরান তাদের এ দাবি অত্যন্ত জোরালোভাবে প্রত্যাখ্যান করেছে।#
পার্সটুডে/বাবুল আখতার/২৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।