ইয়েমেনি সেনাবাহিনীর সাফল্যের প্রশংসা করলেন ইরানি জেনারেল
-
ব্রিগেডিয়ার জেনারেল আলী ফাদাভি
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র সেকেন্ড-ইন-কমান্ড ব্রিগেডিয়ার জেনারেল আলী ফাদাভি বলেছেন, ইয়েমেনের হাতে হাজার হাজার সৌদি সেনা আটকের ঘটনায় মধ্যপ্রাচ্যের প্রতিরোধ ফ্রন্টের শক্তিমত্তা এবং এ অঞ্চলে আমেরিকার ভ্রান্ত নীতির ব্যর্থতা ফুটে উঠেছে।
তিনি রোববার তেহরানে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আরো বলেন, এ ঘটনায় ইয়েমেনের সেনাবাহিনীর সামরিক শক্তি ও কৌশল সবার সামনে প্রমাণিত হয়েছে।
জেনারেল ফাদাভি বলেন, বিশ্বের অন্যতম প্রধান অসহায় দেশ ইয়েমেনের সেনাবাহিনী ও প্রতিরোধ যোদ্ধারা ন্যূনতম সম্পদ দিয়ে আগ্রাসী বাহিনীর বিরুদ্ধে লড়াই করতে অত্যাধুনিক সমরাস্ত্র তৈরি ও ব্যবহার করছে।
ইয়েমেনের সেনা মুখপাত্র ইয়াহিয়া সারি শনিবার এক সংবাদ সম্মেলনে জানান, তারা তাদের দেশের ওপর আগ্রাসন পরিচালনাকারী সৌদি সেনাদের বিরুদ্ধে ‘নাসরুম মিনাল্লাহ’ নামের এক বিশাল অভিযান চালিয়েছেন। সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় নাজরান এলাকায় চালানো ওই অভিযানে শত শত সৌদি সেনা হতাহত এবং তাদের কয়েক হাজার সেনা বন্দি হয়েছে। গতকাল (রোববার) ইয়াহিয়া সারি আরেকটি সংবাদ সম্মেলন ডেকে সৌদি সেনাদের বিরুদ্ধে অভিযান এবং তাদের হাজার হাজার সেনার আটক হওয়ার ছবি ও ভিডিও চিত্র প্রদর্শন করেন।
ইয়েমেনের সেনা মুখপাত্র বলেন, তাদের অভিযানে সৌদি আরবের তিনটি ব্রিগেড সম্পূর্ণ ধ্বংস হয়েছে এবং তারা গনিমতের মাল হিসেবে শত শত সমরাস্ত্র, ট্যাংক ও সাঁজোয়ান যান হস্তগত করেছেন। #
পার্সটুডে/এমএমআই/৩০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।