যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম রেকর্ড পরিমাণ বৃদ্ধি; সবখানেই বাড়ছে চাপ
https://parstoday.ir/bn/news/world-i163222-যুক্তরাষ্ট্রে_ডিজেলের_দাম_রেকর্ড_পরিমাণ_বৃদ্ধি_সবখানেই_বাড়ছে_চাপ
পার্সটুডে- যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম রেকর্ড পরিমাণ বৃদ্ধির একই সময়ে ফসল কাটার মৌসুম শুরু হওয়ায় কৃষকদের জ্বালানি খরচ ব্যাপকভাবে বেড়ে গেছে। বিশেষজ্ঞরা বলছেন, এর ফলে খাদ্য সরবরাহ ব্যবস্থার ওপরও তীব্র চাপ সৃষ্টি হচ্ছে।
(last modified 2026-09-19T14:58:45+00:00 )
সেপ্টেম্বর ১৯, ২০২৬ ২০:১৮ Asia/Dhaka
  • ডিজেলের দাম বৃদ্ধিতে কৃষকেরা বিপাকে
    ডিজেলের দাম বৃদ্ধিতে কৃষকেরা বিপাকে

পার্সটুডে- যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম রেকর্ড পরিমাণ বৃদ্ধির একই সময়ে ফসল কাটার মৌসুম শুরু হওয়ায় কৃষকদের জ্বালানি খরচ ব্যাপকভাবে বেড়ে গেছে। বিশেষজ্ঞরা বলছেন, এর ফলে খাদ্য সরবরাহ ব্যবস্থার ওপরও তীব্র চাপ সৃষ্টি হচ্ছে।

পার্সটুডের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে ডিজেলের নজিরবিহীন মূল্যবৃদ্ধি কৃষকদের ওপর চাপ তৈরি করেছে এবং খাদ্যপণ্যের দামও বাড়িয়ে দিয়েছে।

মিসৌরি অঙ্গরাজ্যের উত্তর-পূর্বাঞ্চলের এক কৃষক জানিয়েছেন- সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে অক্টোবরের শেষ পর্যন্ত ফসল কাটা ও পরিবহনের জন্য তিনি দুটি কম্বাইন হারভেস্টার, তিনটি মাঝারি আকারের ট্রাক এবং কয়েকটি ট্রাক্টর ব্যবহার করেন।

তিনি বলেন, ডিজেলের দাম নজিরবিহীন পর্যায়ে পৌঁছেছে। শুধু একটি কম্বাইন হারভেস্টারের জন্যই প্রায় ৩০০ গ্যালন জ্বালানি প্রয়োজন হয়। তাই অন্যান্য খরচ কমানোই এখন সবচেয়ে ভালো উপায়।

দক্ষিণ ডাকোটা অঙ্গরাজ্যের দক্ষিণ-পূর্বাঞ্চলের আরেক কৃষক রয়টার্সকে জানান, চলতি মৌসুমে শুধু একটি কম্বাইন হারভেস্টারে জ্বালানি ভরতেই তাকে প্রতিদিন প্রায় ১ হাজার ৫০০ ডলার খরচ করতে হয়েছে, যা গত বছরের তুলনায় দ্বিগুণ। অথচ ফসল কাটার জন্য আরও অনেক কৃষিযন্ত্রের প্রয়োজন হয়।

রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রজুড়ে ফসল কাটার মৌসুমের চূড়ান্ত সময়ে কৃষকেরা ডিজেলের দামে নজিরবিহীন বৃদ্ধির মুখোমুখি হচ্ছেন। এর ফলে আগে থেকেই সীমিত থাকা তাদের মুনাফা আরও কমে যাচ্ছে। একই সঙ্গে এই পরিস্থিতি দোকানে খাদ্যপণ্যের দাম এবং মানুষের জীবনযাত্রার ব্যয় বাড়িয়ে দিচ্ছে।

যুক্তরাষ্ট্রের এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন বা ইআইএ'র তথ্য অনুযায়ী, চলতি সপ্তাহে দেশটিতে ডিজেলের গড় দাম প্রতি গ্যালনে নতুন রেকর্ড ৬.২৯ ডলারে পৌঁছেছে। গত বছরের একই সময়ে এই দাম ছিল ৩.৭৪ ডলার। অর্থাৎ এক বছরে ডিজেলের দাম ৬৮ শতাংশ বেড়েছে।

মিশিগান স্টেট ইউনিভার্সিটির অর্থনীতিবিদ ডেভিড ওর্তেগা মনে করেন, ডিজেলের দাম বাড়ার ফলে খাদ্য সরবরাহ ব্যবস্থার প্রতিটি ধাপেই ফসল কাটা থেকে শুরু করে খাদ্যপণ্যের দোকানে পৌঁছানো পর্যন্ত ব্যয় বেড়ে যায়।

সর্বশেষ ভোক্তা মূল্যসূচক অনুযায়ী, আগস্ট মাসে যুক্তরাষ্ট্রে খাদ্যপণ্যের দাম গত বছরের একই সময়ের তুলনায় ২.৭ শতাংশ বেড়েছে।#  

পার্সটুডে/এসএ/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।