ইয়েমেনের যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নিতে রিয়াদের প্রতি তেহরানের আহ্বান
-
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি
ইয়েমেন সরকার আগ্রাসী সৌদি বাহিনীর হামলা বন্ধের শর্তে দেশটির বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা বন্ধ করার যে প্রস্তাব দিয়েছে তাকে স্বাগত জানিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি বলেছেন, এ প্রস্তাব মেনে নিলে তা মধ্যপ্রাচ্যে নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সহায়ক হবে।
তিনি গতকাল (রোববার) তেহরানে এক বিবৃতিতে এ সম্পর্কে আরো বলেন, আন্তর্জাতিক সমাজ ইয়েমেনের প্রস্তাবকে স্বাগত জানালেও দুঃখজনকভাবে সৌদি বাহিনী এখনো ইয়েমেনের বিভিন্ন এলাকায় বোমাবর্ষণ করে যাচ্ছে ও যুদ্ধের দাবানল জ্বালিয়ে রাখার চেষ্টা করছে। তিনি বলেন, তেহরান রিয়াদকে ইয়েমেনের প্রস্তাব মেনে নিয়ে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় সহযোগিতা করার আহ্বান জানাচ্ছে।
সাইয়্যেদ মুসাভি বলেন, ইয়েমেনে সৌদি আগ্রাসন বন্ধ এবং যুদ্ধবিরতি প্রতিষ্ঠার যেকোনো প্রস্তাবের প্রতি তেহরানের সমর্থন রয়েছে। ইরান মনে করে মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করতে হলে অস্ত্রের ঝনঝনানি বন্ধ করার ছাড়া অন্য কোনো উপায় নেই।
ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ যোদ্ধাদের সমর্থিত সরকার গত ২০ সেপ্টেম্বর শর্তসাপেক্ষে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়ে ঘোষণা করে, সৌদি বাহিনী হামলা বন্ধ করলে ইয়েমেনের পক্ষ থেকেও হামলা বন্ধ করা হবে। তবে রিয়াদ সে প্রস্তাব প্রত্যাখ্যান করে ইয়েমেনের বিভিন্ন এলাকায় বোমাবর্ষণ করে যাচ্ছে। অবশ্য সৌদি আরবের পক্ষ থেকে যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করার পর ইয়েমেনের সেনাবাহিনী এক বিশাল অভিযান চালিয়ে শত শত সৌদি সেনাকে হত্যা ও তাদের কয়েক হাজার সৈন্যকে আটক করেছে।#
পার্সটুডে/এমএমআই/৩০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।