বিশ্ব কার্যক্রম অসম যুদ্ধে অবতীর্ণ হলেও বিজয় সুনিশ্চিত: জেনারেল সালামি
https://parstoday.ir/bn/news/iran-i74258-বিশ্ব_কার্যক্রম_অসম_যুদ্ধে_অবতীর্ণ_হলেও_বিজয়_সুনিশ্চিত_জেনারেল_সালামি
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র কমান্ডার-ইন-চিফ মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, আইআরআইবি’র বিশ্ব কার্যক্রমের গণমাধ্যমগুলো আন্তর্জাতিক গণমাধ্যম অঙ্গনে অসম যুদ্ধে অবতীর্ণ হয়েছে। একইসঙ্গে তিনি বলেছেন, এই যুদ্ধে বিশ্ব কার্যক্রমের বিজয় সুনিশ্চিত।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
অক্টোবর ০৬, ২০১৯ ১৪:১৪ Asia/Dhaka
  • বিশ্ব কার্যক্রম অসম যুদ্ধে অবতীর্ণ হলেও বিজয় সুনিশ্চিত: জেনারেল সালামি

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র কমান্ডার-ইন-চিফ মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, আইআরআইবি’র বিশ্ব কার্যক্রমের গণমাধ্যমগুলো আন্তর্জাতিক গণমাধ্যম অঙ্গনে অসম যুদ্ধে অবতীর্ণ হয়েছে। একইসঙ্গে তিনি বলেছেন, এই যুদ্ধে বিশ্ব কার্যক্রমের বিজয় সুনিশ্চিত।

তিনি আজ (রোববার) তেহরানে আইআরআইবি’র কনফারেন্স সেন্টারে বিশ্ব কার্যক্রমের কর্মকর্তাদের এক সমাবেশে ভাষণ দিতে গিয়ে একথা বলেন। জেনারেল সালামি বলেন, বর্তমানে যুদ্ধের ময়দান ভৌগোলিক সীমারেখার গণ্ডি পেরিয়ে মানুষের মস্তিষ্ক ও অন্তরের সীমারেখায় ছড়িয়ে পড়েছে। কাজেই মানুষের মস্তিষ্ক ও অন্তরের ওপর যে গণমাধ্যম যত বেশি প্রভাব বিস্তার করতে পারবে সে ততবেশি সফলকাম হতে পারবে।

আইআরআইবি'র কনফারেন্স সেন্টারে ভাষণ দিচ্ছেন জেনারেল সালামি

ইসলাম ও ইরানের শত্রুরা ভবিষ্যত পৃথিবীকে তাদের মতো করে ঢেলে সাজাতে চায় উল্লেখ করে আইআরজিসি’র প্রধান কমান্ডার বলেন, শত্রুরা মানবাধিকার, স্বাধীনতা, যুদ্ধ ও আত্মরক্ষার ন্যায়সঙ্গত অধিকারকে এমনভাবে বর্ণনা করছে যাতে ইহুদিবাদী ইসরাইলের অপরাধযজ্ঞ বৈধতা পাচ্ছে অন্যদিকে ইয়েমেন ও ফিলিস্তিনি শিশুদের আত্মরক্ষার অধিকারকে অপরাধযজ্ঞ বলে চালিয়ে দেয়া হচ্ছে।

গণমাধ্যম নির্যাতিত জনগোষ্ঠীর ফরিয়াদ বিশ্ববাসীর সামনে তুলতে পারে বলে মন্তব্য করে জেনারেল সালামি বলেন, আইআরআইবি’র বিশ্ব কার্যক্রমের গণমাধ্যমগুলোর উচিত বিশ্বে ঘটে যাওয়া ঘটনাবলী সঠিকভাবে তুলে ধরে পশ্চিমা গণমাধ্যমগুলোর অপপ্রচারের স্বরূপ উন্মোচন করে দেয়া।#

পার্সটুডে/এমএমআই/৬  

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।