ইরানে নিরাপত্তাহীনতা সৃষ্টির ব্যাপারে আইআরজিসি’র হুঁশিয়ারি
https://parstoday.ir/bn/news/iran-i75343-ইরানে_নিরাপত্তাহীনতা_সৃষ্টির_ব্যাপারে_আইআরজিসি’র_হুঁশিয়ারি
ইরানে পেট্রোলের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভের নামে জ্বালাও-পোড়াও কিংবা নিরাপত্তাহীনতা সৃষ্টির যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। এই বাহিনী বলেছে, শান্তিপূর্ণ প্রতিবাদ করার অধিকার জনগণের রয়েছে কিন্তু বিশৃঙ্খলা ও গোলযোগ সৃষ্টির যেকোনো প্রচেষ্টা কঠোর হাতে দমন করা হবে।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
নভেম্বর ১৯, ২০১৯ ১১:২৫ Asia/Dhaka
  • ইরানে নিরাপত্তাহীনতা সৃষ্টির ব্যাপারে আইআরজিসি’র হুঁশিয়ারি

ইরানে পেট্রোলের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভের নামে জ্বালাও-পোড়াও কিংবা নিরাপত্তাহীনতা সৃষ্টির যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। এই বাহিনী বলেছে, শান্তিপূর্ণ প্রতিবাদ করার অধিকার জনগণের রয়েছে কিন্তু বিশৃঙ্খলা ও গোলযোগ সৃষ্টির যেকোনো প্রচেষ্টা কঠোর হাতে দমন করা হবে।

আইআরজিসি গতকাল (সোমবার) প্রকাশিত এক বিবৃতিতে বলেছে, ইরানের বিচক্ষণ জনগণ গোলযোগ সৃষ্টিকারীদের থেকে নিজেদেরকে আলাদা করে নিয়েছে। গত তিন দিনে বিক্ষোভের নামে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার পর এখনো যারা দুর্বৃত্তদের সহযোগিতা করছেন বিবৃতিতে তাদেরকে নাশকতামূলক তৎপরতা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়। আইআরজিসি’র বিবৃতিতে বলা হয়, যেসব তৎপরতা জনগণের শান্তিপূর্ণ জীবনযাপনে বিঘ্ন ঘটায় এবং নিরাপত্তাহীনতা সৃষ্টি করে তার কোনোটিই সহ্য করা হবে না।

পেট্রোল পাম্প

ইরানে গত শুক্রবার রাত ১২টা থেকে তেলের বর্ধিত মূল্য কার্যকর করা হয়। এর প্রতিবাদ জানাতে রাজধানী তেহরানসহ দেশের বিভিন্ন শহরের মানুষ রাস্তায় নেমে আসে। এ সময় সুযোগসন্ধানী কিছু দুস্কৃতকারী বিক্ষোভের নামে জনগণের জানমালের ব্যাপক ক্ষতি করার চেষ্টা চালায়।

ইরান সরকারের নির্ধারিত পেট্রোলের নতুন দাম অনুযায়ী, প্রতিটি ব্যক্তিগত গাড়িকে বাংলাদেশি টাকায় সাড়ে ১০ টাকা হারে মাসে ৬০ লিটার তেল কেনার সুযোগ দেয়া হবে। এর আগে এই দাম ছিল মাত্র ৭ টাকা। তবে কোনো গাড়ির মাসে ৬০ লিটারের বেশি তেল প্রয়োজন হলে সেই গাড়ির মালিককে লিটারপ্রতি ২১ টাকা হারে জ্বালানি তেল কিনতে হবে। বিশ্ববাজারের তুলনায় এই দাম অনেক সস্তা হওয়া সত্ত্বেও ইসলামি ইরানের শত্রুদের উসকানিতে কিছু মানুষ প্রতিবাদের নামে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানোর চেষ্টা করেছে।#

পার্সটুডে/এমএমআই/এআর/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।