আমেরিকা এবার চিকিৎসা খাতেও সন্ত্রাসবাদ শুরু করেছে: জারিফ
-
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, মার্কিন সরকার তার দেশের বিরুদ্ধে অর্থনৈতিক সন্ত্রাসবাদের পাশাপাশি এবার চিকিৎসা খাতেও সন্ত্রাসবাদ শুরু করেছে। তিনি এসব সন্ত্রাসবাদের ব্যাপারে নীরবতা ভাঙার জন্য বিশ্ববাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।
তিনি শনিবার নিজের অফিসিয়াল টুইটার পেইজে দেয়া এক পোস্টে এ আহ্বান জানান। জারিফ বলেন, ইরানি জনগণ যখন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারাচ্ছে তখন তেহরান যাতে এই প্রাণঘাতী রোগ মোকাবিলা করতে না পারে সেজন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে অবৈধ নিষেধাজ্ঞা জোরদার করেছেন।এর ফলে ইরান করোনাভাইরাস মোকাবিলায় প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রী ও ওষুধ আমদানি করতে পারছে না।
এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও করোনাভাইরাসে আক্রান্ত ইরানি নাগরিকদের জন্য স্বাস্থ্য ও চিকিৎসা সামগ্রী পাঠানোর যে প্রস্তাব দিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি তাকে প্রতারণা ও ধোঁকাবাজি বলে প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, ইরানের ওপর ‘সর্বোচ্চ চাপ’ বহাল রেখে করোনাভাইরাসের ক্ষেত্রে সহযোগিতার যে প্রস্তাব পম্পেও দিয়েছেন তা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং বিশ্ব জনমতকে ধোঁকা দেয়াই এর একমাত্র উদ্দেশ্য।#
পার্সটুডে/এমএমআই/৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।