ইসরাইলের সঙ্গে বাহরাইনের সম্পর্ক প্রতিষ্ঠাকে কীভাবে দেখছে ইরান?
-
দখলদার ইসরাইলের অপরাধযজ্ঞের কিছু চিত্র
দখলদার ইসরাইলের সঙ্গে বাহরাইনের পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক স্থাপনের কঠোর নিন্দা জানিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় আজ (শনিবার) এক বিবৃতিতে বলেছে, বাহরাইনের শাসক গোষ্ঠী দখলদারদের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠার মাধ্যমে লজ্জাজনক ও অপমানকর কাজ করেছে। এটি তাদের মৌলিক ভুল। তারা দেশের জনগণের সমর্থন লাভের পরিবর্তে কুদস দখলদারদের কোলে আশ্রয় নিয়েছে। ফিলিস্তিনিদের লক্ষ্য-আদর্শকে মার্কিন নির্বাচনী স্বার্থের কাছে বিকিয়ে দিয়েছে। কিন্তু নিজ দেশের জনগণকে কোনো গুরুত্ব দিচ্ছে না।
ইরানের বিবৃতিতে আরও বলা হয়েছে, দখলদার ইসরাইল হচ্ছে পশ্চিম এশিয়া তথা গোটা মুসলিম বিশ্বের শান্তির জন্য স্থায়ী হুমকি এবং দশকের পর দশক ধরে হত্যা, জুলুম-নির্যাতন ও রক্তপাতের উৎস। এখন থেকে বাহরাইনের শাসকেরাও এসব অপরাধের অংশীদার হিসেবে গণ্য হবে।
একই সঙ্গে ইরান হুঁশিয়ারি দিয়ে বলেছে, পারস্য উপসাগরে ইসরাইল কোনো ধরণের অনিরাপত্তা সৃষ্টি করলে এর সম্পূর্ণ দায়-দায়িত্ব বাহরাইনসহ ইসরাইলের সহযোগী দেশগুলোকে বহন করতে হবে।
বিশ্বের বিবেকবান মানুষ এবং মুসলমানেরা কখনোই ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপনকে মেনে নেবে না বলে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
গতকাল (শুক্রবার) ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ঘোষণা দেয় বাহরাইন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার রাতে এক টুইটার বার্তায় জানান, বাহরাইন সরকার ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে রাজি হয়েছে।
এ ব্যাপারে আমেরিকা, ইহুদিবাদী ইসরাইল ও বাহরাইন একটি যৌথ বিবৃতি প্রকাশ করেছে। বিবৃতিতে বলা হয়েছে, বাহরাইনের রাজতান্ত্রিক সরকার ইসরাইলের সঙ্গে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে সম্মত হয়েছে।#
পার্সটুডে/এসএ/১২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।