পরমাণু বিষয়ে সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী যা বললেন
https://parstoday.ir/bn/news/iran-i86804-পরমাণু_বিষয়ে_সিএনএনকে_দেয়া_সাক্ষাৎকারে_ইরানের_পররাষ্ট্রমন্ত্রী_যা_বললেন
মার্কিন যুক্তরাষ্ট্র পরমাণু সমঝোতা থেকে বেআইনিভাবে বেরিয়ে যায় এবং এ দেশটিকেই পরমাণু সমঝোতা পুরোপুরি বাস্তবায়নে পদক্ষেপ নিতে হবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ০৩, ২০২১ ১৪:১১ Asia/Dhaka

মার্কিন যুক্তরাষ্ট্র পরমাণু সমঝোতা থেকে বেআইনিভাবে বেরিয়ে যায় এবং এ দেশটিকেই পরমাণু সমঝোতা পুরোপুরি বাস্তবায়নে পদক্ষেপ নিতে হবে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ মার্কিন টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে এ কথা বলেছেন‌। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র যদি পরমাণু সমঝোতা পুরোপুরি বাস্তবায়নের মাধ্যমে এই চুক্তিতে ফেরত আসে তবেই ইরান তার প্রতিশ্রুতিতে অটল থাকবে।

পর্যবেক্ষকরা বলছেন, পরমাণু সমঝোতায় যুক্তরাষ্ট্রের ফিরে আসার ব্যাপারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে দুটি বিষয়ের প্রতি ইঙ্গিত করেছেন যা কিনা পরমাণু সমঝোতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। প্রথমত যুক্তরাষ্ট্র পরমাণু সমঝোতা লংঘন করলেও তারা যদি এতে ফিরে আসে তাহলেই তেহরানও ফিরে আসবে বলে জানান জারিফ। তিনি বলেন, যুক্তরাষ্ট্র পরমাণু সমঝোতা লঙ্ঘন করায় এবং ইউরোপ তাদের প্রতিশ্রুতি পালনে গড়িমশি করায় পাল্টা প্রতিক্রিয়া হিসেবে তেহরানও তাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন কাজ স্থগিত রাখতে বাধ্য হয়। এ অবস্থায় যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলো দাবি জানাচ্ছে ইরানকে আগে পরমাণু সমঝোতায় ফিরে আসতে হবে যার কোন অর্থ হয়না।কেননা প্রতিপক্ষ তাদের প্রতিশ্রুতি পালন না করায় ইরানও পাল্টা পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। পরমাণু সমঝোতার ৩৬ ও ২৬ নম্বর ধারায় বলা হয়েছে প্রতিপক্ষ যদি পরমাণু সমঝোতা না মানে তাহলে তেহরানও তা বাস্তবায়ন কার্যক্রম স্থগিত রাখবে।

 দ্বিতীয় বিষয়টি হচ্ছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফের বক্তব্য থেকে যৌক্তিক উপায়ে অচলাবস্থা থেকে পরমাণু সমঝোতাকে বের করে আনার সুযোগ তৈরি হয়েছে। জাওয়াদ জারিফ সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে বলেন, সমস্যা সমাধানের উপায় পরমাণু সমঝোতায় বলে দেয়া আছে। তিনি বলেন এই চুক্তিতে একটি যৌথ কমিশন রয়েছে যারা এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

 এই অবস্থায় বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন পরমাণু সমঝোতার ব্যাপারে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভ্রান্তনীতি থেকে দূরে থাকবেন কিনা সেটাই এখন প্রশ্ন। বাইডেন প্রশাসন যদি সত্যিই পরমাণু সমঝোতায় ফিরে আসতে চান তাহলে তাদেরকে নতুন করে যে সম্ভাবনা তৈরি হয়েছে কোন রকম সময় নষ্ট না করে সেটাকে কাজে লাগানো উচিত। নিষেধাজ্ঞা উঠিয়ে নেয়ার জন্য পরমাণুর সমঝোতা বাস্তবায়ন কাজ স্থগিত রাখার যে পদক্ষেপ ইরান নিয়েছিল তা পরমাণু সমঝোতার লঙ্ঘন নয়। ইরান জানিয়ে দিয়েছে পরমাণু সমঝোতায় যুক্তরাষ্ট্রের ফিরে আসার জন্য বাইডেন প্রশাসন নতুন করে যেসব শর্ত আরোপ করেছে তার কোনোটিই তেহরান মানবে না।

 যাইহোক পর্যবেক্ষকরা বলছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য থেকে পরমাণু সমঝোতার ব্যাপারে তেহরানের আন্তরিকতার বিষয়টি ফুটে উঠেছে। এখন যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হচ্ছে পরমাণু সমঝোতা পুরোপুরি মেনে যুক্তরাষ্ট্রকে এতে ফিরে আসতে হবে।#

পার্সটুডে/মোহাম্মদ রেজওয়ান হোসেন/৩