তেহরানস্থ বাংলাদেশ দূতাবাস কর্তৃক শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
https://parstoday.ir/bn/news/iran-i87718-তেহরানস্থ_বাংলাদেশ_দূতাবাস_কর্তৃক_শহীদ_দিবস_ও_আন্তর্জাতিক_মাতৃভাষা_দিবস_পালিত
তেহরানস্থ বাংলাদেশ দূতাবাসের আয়োজনে আজ উদযাপিত হয়েছে জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ভার্চুয়াল মিডিয়ার ওই আয়োজনে সভাপতিত্ব করেন রাষ্ট্রদূত গাউসুল আযম সরকার।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ২১, ২০২১ ১৬:৪৭ Asia/Dhaka
  • রাষ্ট্রদূত গাউসুল আযম সরকার
    রাষ্ট্রদূত গাউসুল আযম সরকার

তেহরানস্থ বাংলাদেশ দূতাবাসের আয়োজনে আজ উদযাপিত হয়েছে জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ভার্চুয়াল মিডিয়ার ওই আয়োজনে সভাপতিত্ব করেন রাষ্ট্রদূত গাউসুল আযম সরকার।

রাষ্ট্রভাষা আন্দোলনে বাংলাদেশের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমানের অবদান এবং ভাষা শহীদদের আত্মদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন রাষ্ট্রদূত। মুজিব বর্ষের থিম সংয়ের মধ্য দিয়ে শুরু হয় অনলাইনের কার্যক্রম।

আলোচনা রাখছেন রাষ্ট্রদূত গাউসুল আযম সরকার

এই আয়োজনে দেশি এবং প্রবাসী কবিদের কবিতা পাঠ ছিল প্রধান আকর্ষণ। ঢাকা থেকে কবিতা পাঠে অংশ নেন কবি মুহম্মদ নুরুল হুদা, গৌরাঙ্গ মোহান্ত, ড. সাহাদ চৌধুরী এবং মাসুদুর রহমান। ইরানি কবিদের মধ্যে ছিলেন ড. ভাহিদ ঈদগাহি এবং আব্দুল জব্বার ককোয়ি। ইরান প্রবাসী কবিদের মধ্যে ছিলেন নাসির মাহমুদ, সৈয়দ মূসা রেজা, গাজি আবদুর রশিদ এবং মোঃ আমির হোসেন। অণুগল্প পাঠ করেন মনীষ রায়। আলোচনা করেন তেহরানে নিযুক্ত ইউনেস্কোর আঞ্চলিক কার্যালয় প্রধান স্ফেতান স্ফেতকোভোস্কি। ইউনেস্কোর এই কর্মকর্তা বিলুপ্তপ্রায় ভাষাগুলো সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন।

দূতালয় প্রধান কাউন্সেলর হুমায়ুন কবিরের সঞ্চালনায় অনুষ্ঠিত ভার্চুয়াল আলোচনায় আরও অংশ নেন দূতাবাসের কমার্শিয়াল কাউন্সেলর ড. জুলিয়া মইন, সাংবাদিক এজাজ হোসেন এবং ড. মুমিত আল রশিদ। দিনের শুরুতে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, শহীদ মিনারের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করাসহ প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়।#

পার্সটুডে/এনএম/২১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন