‘আইআরআইবি থেকে বিচিত্র স্বাদের মনিমুক্তো কুড়িয়ে নিচ্ছি অবিরত’
সুপ্রিয় রেডিও তেহরান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা আল্লাহর রহমতে কুশলে আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ার বরকতে ভালো আছি।
‘আইআরআইবি’ নামের বিশাল তথ্য ভাণ্ডার থেকে আমার ক্ষুদ্রাতিক্ষুদ্র জ্ঞানভাণ্ডারকে কিঞ্চিৎ সমৃদ্ধ করতে একজন অকৃতজ্ঞ ভক্তের ন্যায় বিচিত্র স্বাদের মনিমুক্তো কুড়িয়ে নিচ্ছি অবিরত। অথচ দীর্ঘদিন রেডিও তেহরানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের সামান্য বোধটুকুও হারিয়ে ফেলেছিলাম। এজন্য নিজেকে ‘বড় মাপের অপরাধী’ বলেই স্বীকার করে নিচ্ছি। আশা করি আমাকে ক্ষমাসুন্দর দৃষ্টির আওতায় এনে আগের মতই শ্রোতা তালিকায় অন্তর্ভূক্ত করে নেবেন।
প্রিয় আইআরআইবি বাংলা বিভাগ থেকে দীর্ঘকাল থেকেই প্রচারিত হয়ে আসছে বস্তুনিষ্ঠ সংবাদভিত্তিক অনুষ্ঠানের পাশাপাশি নানা স্বাদের তথ্যমূলক ও শিক্ষামূলক বিষয়ভিত্তিক ফিচার। সম্প্রতি সংযোজিত এমনই একটি ফিচার হচ্ছে 'আদর্শ মানুষ গড়ার কৌশল'। ইতোমধ্যেই এর ৭টি পর্ব অতিক্রান্ত হয়েছে। এ ধারাবাহিকটি আমার হৃদয়কে বিশেষভাবে নাড়া দিয়েছে। কেননা এর মূল উদ্দেশ্যই হচ্ছে একটা সুস্থ, সুন্দর ও কলুষমুক্ত পরিবার, সমাজ তথা উন্নত জাতি গঠন। আর পূর্বসূত্র হিসেবে প্রতিটি পরিবারে ইসলামের আলোকে আদর্শ সন্তান উৎপাদন এমনকি সন্তানকে আদর্শ মানুষ ও মুসলমান হিসেবে গড়ে তোলার পূর্বশর্ত স্বরূপ শুরুতেই (মা-বাবার) বিয়ের জন্য উপযুক্ত ও ধার্মিক বর-কনে নির্বাচনের গুরুত্ব প্রদান।
আমরা সবাই সন্তান উৎপাদন করি কিন্তু সুসন্তান গড়ে তোলার কথা ভাবি ক'জন? এ ধারাবাহিকের প্রতিটি পর্বে ভিন্ন ভিন্ন বিষয়ের উপর গুরুত্বারোপ করে আলোচনা করা হয়েছে। যেমন- সুসন্তান গড়ে তোলার জন্য আগে দরকার উন্নত নৈতিক চরিত্রের বাবা ও মা গড়ে তোলা। ২) মাতৃগর্ভে সন্তানের প্রাথমিক অবস্থাকে কৃষিক্ষেত্রে উদ্ভিদের বীজ বপনের সময়ের মতই গুরুত্বপূর্ণ বলা হয়েছে। ৩) মায়ের গর্ভধারণকালীন করণীয় এবং সন্তানকে মানুষ করার ক্ষেত্রে হালাল রিজিকের গুরুত্ব। ৪) গর্ভবতী মায়ের যত্ন ও খাদ্য গ্রহণ বিষয়ে আলোচনা। এখানে ইরানের একজন ইসলামী ও ঐতিহ্যবাহী চিকিৎসা বিশেষজ্ঞ ড. হুসাইন আকবারীর মতামত তুলে ধরা হয়েছে। ৫) সুসন্তান গড়ে তোলার ক্ষেত্রে উত্তরাধিকারগত বৈশিষ্ট্য এবং স্বাধীন ইচ্ছা, যথাযথ শিক্ষা ও প্রশিক্ষণের গুরুত্ব প্রসঙ্গে আলোচিত হয়েছে। ৬) সন্তান ভূমিষ্ঠ হবার পর করণীয় তথা নবজাতকের কানে আযান ও একামত দেয়ার আত্নিক ও প্রশিক্ষণ সংক্রান্ত প্রভাব ও গুরুত্ব এবং শিশুর আকিকা করার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়েছে। ৭) সন্তানের একটি সুন্দর ও অর্থপূর্ণ নাম রাখারও তাৎপর্য আলোচিত হয়েছে ।
মানুষের জীবনে নামকরণ অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়। অথচ সুন্দর ও অর্থপূর্ণ নামের তাৎপর্য আমরা অনেকেই জানি না। জানার ও বোঝার প্রয়োজনও মনে করি না। সমাজে আমরা নিজেদের মুসলমান বলে পরিচয় দিতে খুবই গর্ববোধ করি। অথচ পরিবারে, সমাজে তথা সর্বক্ষেত্রেই বিদ্যমান অমুসলিমদের সংস্কৃতি ও আচার আচরণ। সন্তান জন্মের পর নামকরণ করা হয় ঝন্টু, ফন্টু, রুমা, ঝুমা, রিনা, বীনা ইত্যাদি। এ ধরণের নামে সংশ্লিষ্ট সন্তান ছেলে নাকি মেয়ে, মুসলিম নাকি অমুসলিম তা নির্ণয় করাও কঠিন হয়ে পড়ে। এতে সহজেই প্রশ্ন জাগে, ঐসব শিশুদের মা-বাবা কিংবা অভিভাবক শিশুটিকে সত্যিকার মানুষরূপে গড়ে তুলতে কতটা যত্নবান। এটাতো শুধু নামকরণের বিষয়। পূর্ববর্তী ছয়টি পর্বের ক্ষেত্রেও ঐসব মা-বাবার উদাসীনতায় কোনো ঘাটতি আছে বলে মনে হয় না।
তাই শ্রোতা বন্ধুদের প্রতি আহ্বান, আসুন আমরা রেডিও তেহরানের 'আদর্শ মানুষ গড়ার কৌশল' ধারাবাহিকটি মনোযোগ দিয়ে শুনি এবং বাস্তব জীবনে এর প্রতিফলন ঘটানোর লক্ষ্যে ভবিষ্যৎ প্রজন্মকে আদর্শ মানুষরূপে গড়ে তুলতে নিজে সচেতন হই ও পাশাপাশি নিকটজনদের সচেতন করতে সহযোগিতা করি। তবেই হতে পারে মূল্যবোধের অবক্ষয় রোধসহ নেশামুক্ত সুস্থ ও সুন্দর একটি আদর্শ সমাজ গঠন।
অজস্র ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রিয় রেডিও তেহরান কর্তৃপক্ষকে সমাজের বাস্তবতার নিরিখে যুগোপযোগী অনুষ্ঠান শ্রোতাদের উপহার দেয়ার জন্য।
সবশেষে ফার্সি নওরোজ ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে IRIB কর্তৃপক্ষকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আপাততঃ ইতি টানছি। লেখার সকল ত্রুটি মার্জনীয়। শুভেচ্ছাসহ-
আব্দুল কুদ্দুস মাস্টার
সভাপতি, শাপলা শর্টওয়েভ রেডিও শ্রোতা সংঘ
ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম, বাংলাদেশ।
পার্সটুডে/আশরাফুর রহমান/২১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।