ইউক্রেনের বিমান বিধ্বস্ত: কানাডার আদালতের রায় প্রত্যাখ্যান করল ইরান
https://parstoday.ir/bn/news/iran-i91980-ইউক্রেনের_বিমান_বিধ্বস্ত_কানাডার_আদালতের_রায়_প্রত্যাখ্যান_করল_ইরান
ইরানে ২০২০ সালের গোড়ার দিকে ইউক্রেনের যাত্রীবাহী বিমান ভূপাতিত হওয়ার ব্যাপারে কানাডার আদালতের রায়কে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে তেহরান। কানাডার ওন্টারিও হাইকোর্ট বৃহস্পতিবার এক রায়ে দাবি করেছে, তেহরানের আকাশে ইচ্ছা করে ইউক্রেনের বিমানটিকে গুলি করা হয়েছিল। এ ঘটনাকে ‘সন্ত্রাসী হামলা’ বলেও উল্লেখ করে কানাডার ওই আদালত।
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
মে ২২, ২০২১ ০৮:৩৮ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে
    ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে

ইরানে ২০২০ সালের গোড়ার দিকে ইউক্রেনের যাত্রীবাহী বিমান ভূপাতিত হওয়ার ব্যাপারে কানাডার আদালতের রায়কে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে তেহরান। কানাডার ওন্টারিও হাইকোর্ট বৃহস্পতিবার এক রায়ে দাবি করেছে, তেহরানের আকাশে ইচ্ছা করে ইউক্রেনের বিমানটিকে গুলি করা হয়েছিল। এ ঘটনাকে ‘সন্ত্রাসী হামলা’ বলেও উল্লেখ করে কানাডার ওই আদালত।

এ সম্পর্কে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেছেন, কানাডার আদালত উপযুক্ত দলিল বা সাক্ষ্যপ্রমাণ ছাড়াই এ রায় দিয়েছে বলে তা সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি বলেন, কানাডা ভূখণ্ডের বাইরে ঘটে যাওয়া কোনো ঘটনা সম্পর্কে বিচার করার কোনো এখতিয়ার দেশটির আদালতের নেই। কাজেই এ ধরনের রায় দিয়ে কানাডার আদালত প্রকৃতপক্ষে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে।

ইরানের এই মুখপাত্র ইউক্রেনের যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় কানাডা সরকারের একপেশে নীতিতে দুঃখ প্রকাশ বলেন, কানাডার আদালত আমেরিকার আদালতগুলোকে অনুসরণ করে আগে থেকেই অভিযুক্ত নির্ধারণ করে নিয়ে কল্পনাপ্রসূত রায় ঘোষণা করেছে।

খাতিবজাদে বলেন, কানাডার আদালতের এই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত রায় আন্তর্জাতিক আইনকেই কেবল দুর্বল করবে এবং এর ভয়ানক পরিণতি থেকে কানাডা নিজেও রেহাই পাবে না।

২০২০ সালের ৩ জানুয়ারি ইরাকের রাজধানী বাগদাদে ইরানি জেনারেল কাসেম সোলাইমানি মার্কিন ড্রোন হামলায় নিহত হওয়ার পর ইরান ইরাকে অবস্থিত মার্কিন ঘাঁটি আইন আল-আসাদে ভয়াবহ প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

মার্কিন সেনারা পাল্টা হামলা চালাতে পারে- এই আশঙ্কা মাথায় রেখে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলোকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়। এরকম পরিস্থিতিতে ইউক্রেনের যাত্রীবাহী একটি বিমান লক্ষ্য করে ভুল করে গুলি চালানো হলে দুঃখজনকভাবে বিমানটি ভূপাতিত হয় এবং এর ১৭৬ আরোহীর সবাই নিহত হন।#

পার্সটুডে/এমএমআই/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।