এখন ইসরাইলকে বিচারের মুখোমুখি করার পালা: ইরানের বিচার বিভাগের প্রধান
-
সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি
ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিচার বিভাগের প্রধান সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন,ফিলিস্তিনে ইসরাইলি অপরাধের বিচার নিশ্চিত করতে হবে। তিনি আজ (রোববার) বিচার বিভাগের সর্বোচ্চ পরিষদের বৈঠকে এ কথা বলেন।
তিনি বলেন, দখলদার ইসরাইলি সেনাবাহিনী এবং গাজার নিপীড়িত জনগণের মধ্যে সরাসরি যুদ্ধের অবসান হলেও সফট ওয়ার বা নরম যুদ্ধ বাকি আছে। আর এই যুদ্ধটা হলো অপরাধীদেরকে আন্তর্জাতিক আদালতের সম্মুখীন করা। এ বিষয়ে জোরালো তৎপরতা চালাতে হবে।
ইরানের বিচার বিভাগের প্রধান বলেন, বিশ্বের সব আইনবিদ ও স্বাধীনচেতা মানুষকে ঐক্যবদ্ধভাবে চেষ্টা চালাতে হবে যাতে ইহুদিবাদী অপরাধীদের শাস্তি নিশ্চিত করা যায়।
ইব্রাহিম রায়িসি দখলদারদের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তোলায় ফিলিস্তিনিদের ধন্যবাদ জানিয়ে বলেন, আমরা এবং গোটা মুসলিম জাতি ইমাম খোমেনী (রহ.)’র কাছ থেকে শত্রুর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর শিক্ষা পেয়েছি। আজ সবাই দেখছে শত্রুর বিরুদ্ধে রুখে দাঁড়ালে বিজয় অর্জন করা সম্ভব।
তিনি আরও বলেন, সাম্প্রতিক এই বিজয় ভবিষ্যতের বিজয়ের প্রতিশ্রুতি হিসেবে কাজ করবে এবং ইনশাআল্লাহ পবিত্র বায়তুল মুকাদ্দাস মুক্ত করার মধ্যদিয়ে অদূর ভবিষ্যতে চূড়ান্ত বিজয় অর্জিত হবে।#
পার্সটুডে/এসএ/২৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।