ইরানের আশাবাদ
সৌদি আরব এবং ইরানের মধ্যে সম্পর্ক গড়ে উঠলে মুসলিম বিশ্ব উপকৃত হবে
ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সহকারী এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের পারস্য উপসাগর বিষয়ক মহাপরিচালক আলিরেজা ইনায়েতি বলেছেন, প্রতিবেশী সব দেশের সঙ্গে সর্বোচ্চ পর্যায়ের সম্পর্ক ও সহযোগিতা প্রতিষ্ঠাকে তেহরান সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। তিনি বলেন, তেহরান ও রিয়াদের মধ্য সম্পর্ক প্রতিষ্ঠিত হলে এ অঞ্চলসহ গোটা মুসলিম বিশ্ব উপকৃত হবে।
আজ (শনিবার) এতেমাত দৈনিক পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে আলীরেজা এনায়েতি বলেন, আমরা মনে করি ইরান এবং সৌদি আরবের মধ্যে সহযোগিতামূলক সম্পর্ক গড়ে উঠলে মুসলিম বিশ্বের বিদ্যমান বিভিন্ন সমস্যার সহজ সমাধান হওয়ার পাশাপাশি আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি পাবে। তিনি আরো বলেন, সম্পর্ক পুনপ্রতিষ্ঠা করার লক্ষ্যে ইরান ও সৌদি আরবের প্রতিনিধিরা এ পর্যন্ত তিনবার ইরাকের রাজধানী বাগদাদে মিলিত হয়েছেন।
এনায়েতি বলেন, ইরানে নতুন সরকার গঠিত হওয়ার প্রক্রিয়া শুরু হয়ে যাওয়ায় এবং সৌদি আরবে মুসলমানদের বার্ষিক হজ্জ্ব পালন উৎসব উপনিত হওয়ায় দুই দেশের মধ্যে চতুর্থ পর্বের আলোচনা স্থগিত হয়ে যায়। তবে সৌদি আরবের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে ইরান সরকার এখনো অটল রয়েছে বলেও জানান তিনি। এছাড়া, দ্বিপক্ষীয় এবং আঞ্চলিক ইস্যুতে ইরান ও সৌদি আরবের মধ্যে আলোচনার ক্ষেত্রে কোনো মধ্যস্থতাকারীর প্রয়োজন নেই বলেও জোর দিয়ে উল্লেখ করেন তিনি।
পার্সটুডে/বাবুল আখতার/৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।