নিউ ইয়র্কে ৪+১ গ্রুপের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
https://parstoday.ir/bn/news/iran-i97560-নিউ_ইয়র্কে_৪_১_গ্রুপের_পররাষ্ট্রমন্ত্রীদের_সঙ্গে_বৈঠক_করবেন_ইরানের_পররাষ্ট্রমন্ত্রী
আসন্ন নিউ ইয়র্ক সফরে ৪+১ গ্রুপের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান। আজ রোববার এ তথ্য জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ১৯, ২০২১ ১১:০৯ Asia/Dhaka
  • খাতিবজাদে
    খাতিবজাদে

আসন্ন নিউ ইয়র্ক সফরে ৪+১ গ্রুপের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান। আজ রোববার এ তথ্য জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে।

তিনি আরও বলেছেন, ৪+১ গ্রুপের সব পররাষ্ট্রমন্ত্রীকে নিয়ে যৌথ বৈঠকের আয়োজনের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। তবে এ ধরণের আলোচনাকে কার্যকর ও ইতিবাচক মনে হলে এ বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।

ইরানের পরমাণু সমঝোতা সংক্রান্ত আলোচনায় ৪+১ গ্রুপ বলতে চীন, রাশিয়া, ফ্রান্স, ব্রিটেন এবং জার্মানিকে বোঝানো হয়।

ইরানের পররাষ্ট্রমন্ত্রীর নিউ ইয়র্ক সফরের কর্মসূচি প্রসঙ্গে এই মুখপাত্র বলেন, বিশ্বের বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে প্রায় ৪৫টি দ্বিপক্ষীয় বৈঠকের আয়োজন করা হবে। এসব বৈঠকে নানা ইস্যুতে আলোচনা করবেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।

খাতিবজাদে আরও বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র হচ্ছে পরমাণু সমঝোতা লঙ্ঘনকারী। আমেরিকাকে একপেশে ব্যাখ্যা দেওয়ার পথ পরিহার এবং মানবতাবিরোধী নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে।

মার্কিন কর্মকর্তাদের সঙ্গে কোনো বৈঠক বা আলোচনার পরিকল্পনা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এ ধরণের কোনো পরিকল্পনা নেই। আগামীকাল নিউ ইয়র্ক যাবেন আব্দুল্লাহিয়ান। #

 পার্সটুডে/এসএ/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।