এইওআই প্রধানের তথ্য
পরমাণু কর্মসূচি জোরদার করতে ইরান-রাশিয়া সমঝোতা
-
মোহাম্মাদ ইসলামি (ডানে) ও অ্যালেক্সি লিখাচেভ
যৌথ পরমাণু কর্মসূচি জোরদার করতে ইসলামি প্রজাতন্ত্র ইরান ও রাশিয়ার মধ্যে প্রাথমিক সমঝোতা হয়েছে। এ তথ্য জানিয়েছেন ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মাদ ইসলামি।
রাশিয়ার আণবিক শক্তি সংস্থা রোজাটমের মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভের সঙ্গে বৈঠকের পর মোহাম্মাদ ইসলামি সাংবাদিকদের জানান, “পরমাণু কর্মসূচি জোরদার করার বিষয়ে বিভিন্ন আঙ্গিক থেকে নানা পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করেছি।”
তিনি বলেন, “বৈঠকে প্রাথমিক সমঝোতা হয়েছে যে, সুস্পষ্ট চিত্রের ভিত্তিতে পরমাণু কর্মসূচি জোরদার করা হবে। যৌথ প্রকল্পের অধীনে ওষুধ তৈরির জন্য তেজস্ক্রিয়তার ব্যবহার ও নতুন পরমাণু বিদ্যুৎকেন্দ্র স্থাপন বিশেষ করে বুশেহর পরমাণু স্থাপনায় সহযোগিতা জোরদারের পরিকল্পনা রয়েছে।”
ইরানের পরমাণু বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে রাশিয়া ঘনিষ্ঠভাবে জড়িত। ২০১৪ সালে দু দেশ বেশ কয়েকটি চুক্তি সই করেছে যার আওতায় আটটি পরমাণু স্থাপনা তৈরি করা হবে।#
পার্সটুডে/এসআইবি/২৯