পরমাণু সমঝোতায় ফেরার ব্যাপারে আমেরিকা আন্তরিক নয়
https://parstoday.ir/bn/news/iran-i99412-পরমাণু_সমঝোতায়_ফেরার_ব্যাপারে_আমেরিকা_আন্তরিক_নয়
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, পরমাণু সমঝোতায় ফেরার ব্যাপারে মার্কিন প্রশাসন এখন পর্যন্ত আন্তরিক ইচ্ছা দেখাতে পারে নি। তারা শুধু মুখে মুখে পরমাণু সমঝোতায় ফেরার কথা বলে যাচ্ছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ০১, ২০২১ ০৯:৫৪ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান
    ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, পরমাণু সমঝোতায় ফেরার ব্যাপারে মার্কিন প্রশাসন এখন পর্যন্ত আন্তরিক ইচ্ছা দেখাতে পারে নি। তারা শুধু মুখে মুখে পরমাণু সমঝোতায় ফেরার কথা বলে যাচ্ছে।

২০১৮ সালের মে মাসে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন পরমাণু সমঝোতা থেকে আমেরিকাকে একতরফাভাবে বের করে নেয়।

গতকাল (রোববার) সন্ধ্যায় ইরান ডেইলিকে দেয়া সাক্ষাৎকারে আমির আব্দুল্লাহিয়ান বলেন, "জাতিসংঘ সাধারণ পরিষদের বৈঠকে যোগ দেয়ার জন্য আমি যখন নিউইয়র্কে অবস্থান করছিলাম তখন পরমাণু সমঝোতায় ফেরার ব্যাপারে দাবির কথা শুনেছি। আমি ইউরোপীয় তিন দেশ ব্রিটেন, ফ্রান্স ও জার্মানিকে এবং ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল ও জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস- সবাইকে বলেছি ইরান পরমাণু সমঝোতায় ফেরার ব্যাপারে সম্পূর্ণভাবে প্রস্তুত তবে ডোনাল্ড ট্রাম্প যেখানে শেষ করেছেন সেখান থেকেই শুরু করা উচিত। এটি পরমাণু সমঝোতায় ফেরার সবচেয়ে সহজ উপায়।"

ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, পরমাণু সমঝোতায় ফেরার ব্যাপারে ভিয়েনায় এরইমধ্যে কয়েকদফা সংলাপ অনুষ্ঠিত হয়েছে কিন্তু আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি আমেরিকা যদি এই সমঝোতায় ফেরার ব্যাপারে আন্তরিক হতো তাহলে এতো আলোচনার কোনো প্রয়োজন ছিল না। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ব্যক্তিগত ক্ষমতার বলে নির্বাহী আদেশ দিয়ে জানাতেন যে, আগামীকাল থেকে আমেরিকা পরমাণু সমঝোতায় ফিরবে। পরমাণু সমঝোতায় ফেরার ব্যাপারে আমেরিকার জন্য এটি যথেষ্ট ছিল।

আমির আব্দুল্লাহিয়ান বলেন, আমরা আমেরিকার পক্ষ থেকে পাঠানো বার্তায় এমন আন্তরিকতার কথা শুনি কিন্তু কাজে তার কোনো প্রমাণ নেই।

গত শুক্রবার আমেরিকা ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে। এরপর ইরানের পররাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে এই বক্তব্য এলো।#

পার্সটুডে/এসআইবি/১