ইরানি পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্য
'নিষেধাজ্ঞা প্রত্যাহারের আলোচনা পারস্পরিক স্বার্থ ও অধিকারের ভিত্তিতে হতে হবে'
-
আমির আব্দুল্লাহিয়ান
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, তার দেশের ওপর থেকে মার্কিন একতরফা ও অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহারের আলোচনা হতে হবে পারস্পরিক স্বার্থ এবং অধিকারের ভিত্তিতে।
তিনি আরো বলেছেন, ইরানের পরমাণু সমঝোতার অন্য পক্ষগুলোর মধ্যে এমনভাবে আলোচনা হওয়া উচিত যাতে সুনির্দিষ্ট ফলাফল আসে। সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে দেয়া এক পোস্টে তিনি এসব কথা বলেছেন।
আমির আব্দুল্লাহিয়ান বলেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দাবী করছেন যে, তারা পরমাণু সমঝোতায় ফিরতে প্রস্তুত রয়েছেন। একই সঙ্গে তারা ইরানের বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যাচ্ছেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের এই আচরণ ইরান ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে।
ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, পরমাণু সমঝোতায় ফেরার এই সংলাপ শুধু আলোচনার জন্য আলোচনা নয় বরং পারস্পরিক সম্মান ও স্বার্থের ভিত্তিতে সুস্পষ্ট ফলাফল অর্জনের জন্য এই আলোচনা চলছে। ফলে ইরান এবং ৫ জাতিগোষ্ঠীর মধ্যে তেমন আলোচনার প্রস্তুতি নেয়া উচিত।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে সম্প্রতি বলেছেন, আমেরিকার পক্ষ থেকে অনেক ফাঁকা বুলি শুনেছে তেহরান, এখন তাদের বাস্তবসম্মত পদক্ষেপ দেখতে চায় ইরান। তার এই বক্তব্যের পর ইরানি পররাষ্ট্রমন্ত্রী টুইটারে এসব কথা বললেন।#
পার্সটুডে/এসআইবি/৩