শ্রোতাদের মতামত
'পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর অবধি আজ চাঁদের হাট'
সুপ্রিয় মহাশয়, সালাম ও শুভেচ্ছান্তে লিখা শুরু করলাম রেডিও তেহরান-এর চিঠিপত্রের জবাবদানের সাপ্তাহিক অনুষ্ঠান প্রিয়জন সম্পর্কে আমার ক্ষুদ্র সুচিন্তিত মতামত। আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।
গতকাল (৪ জুলাই) তারিখের প্রিয়জন অনুষ্ঠানটি নেটওয়ার্ক সমস্যায় সম্পূর্ণ শুনতে না পারলেও পরে ওয়েবসাইট থেকে শুনে নিয়েছি। অনুষ্ঠানটি প্রচারিত হবার পর পরই ওয়েবসাইটে আপডেট করার ফলে এর আকর্ষণ ও গ্রহণযোগ্যতা বেড়েছে।
বরাবরের মতো এবারের প্রিয়জন অনুষ্ঠানটিও গ্রন্থনায় ও প্রযোজনায় ছিলেন শ্রদ্ধেয় আশরাফুর রহমান ভাই আর পরিবেশনায় ছিলেন ভাই গাজী আব্দুর রশিদ, রেজোয়ান হোসেন ও বোন আকতার জাহান। অনুষ্ঠানটির শুভ সূচনা হয়েছিল হযরত আলী ইবনে মূসা রেজা (আ.)-এর একটি জ্ঞানগর্ভ বাণী দিয়ে। তিনি বলেছেন, "কোনো বান্দাই প্রকৃতপক্ষে ঈমানের পূর্ণতায় পৌঁছাতে পারবে না যতক্ষণ না তিনটি গুণের অধিকারী হবে। গুণ তিনটি হলো- দীনে গভীর জ্ঞান, জীবন জীবিকায় পরিমিতি এবং বিপদে ধৈর্য ধারণ।"
বাণীটিতে একজন ঈমানদার ও মোমেন বান্দার জীবনের সার্থকতা ও সাফল্যের চাবিকাঠির কথা বলা হয়েছে। আল্লাহ আমাদের সবাইকে উক্ত বাণী মেনে চলার তৌফিক দান করুন- আমীন।
আসলে রেডিও তেহরান সম্পর্কে যতোই বলি এবং প্রশংসা করি না কেন, তবুও যেন কিছুই বলা হলো না। সব অপ্রকাশিতই রয়ে গেল- এমন মনে হয়। কোন্দিক উন্মোচিত করব- বিষয়বস্তু নির্বাচন না উপস্থাপন রীতি, না ভাষার গাম্ভীর্যতা, না শ্রোতাদের প্রতি গুরুত্ব, না সঠিক তথ্য প্রদান, না বিনোদন। একজন মানুষের জীবনের শারীরিক, মানসিক, আধ্যত্মিক, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, পারিবারিক, সাংস্কৃতিক, সাংগঠনিক সকল শিক্ষার পীঠস্থান অথবা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় হলো রেডিও তেহরান। যার যা খুশি ও প্রয়োজন সে এখান থেকে তা অকাতরে গ্রহণ করতে পারে- এতে কোনো বাধা নেই। এতে নিজের ইচ্ছা মতো চাহিদা পূরণের সুযোগ রয়েছে। জীবনঘনিষ্ঠ চাহিদা পূরণের মাধ্যমে রেডিও তেহরান হয়ে উঠে এক একজন শ্রোতার দৃষ্টিতে এক একটি জ্ঞানের উৎস। আর তা প্রকাশ পায় প্রিয়জন অনুষ্ঠানের মাধ্যমে। তাইতো প্রিয়জন আসর হয়ে উঠে জমজমাট, বৈচিত্র্যময়, রংধনুর সপ্তরথীর সাত রঙে রঙিন। রংধনু আসরে রঙের এই বাহার দেখে আমি অভিভূত ও আহ্লাদিত হয়ে পড়ি।
এ সপ্তাহের প্রিয়জন অনুষ্ঠানটিও তাঁর কোনো ব্যতিক্রম ছিল না। এখানে ছিল অনুষ্ঠান সম্পর্কে শ্রোতাদের সুন্দর সাজানো গোছানো সাবলীল হৃদয় স্পর্শ করা অনুভবের এক একটি অসাধারণ অভিব্যক্তি। যা অনুষ্ঠানকে করছে আবেদনশীল, প্রাণবন্ত ও আকর্ষণীয়। অনুষ্ঠানে অনেক পুরাতন শ্রোতার চিঠি সামিল হওয়া দেখে মনে হলো রেডিও তেহরান আবার হৃত গৌরব ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে। আর এটি সম্ভব হয়েছে আধুনিক প্রযুক্তির সুবাদে। সময়ের সাথে তাল মিলিয়ে কর্তৃপক্ষ বিভিন্ন মাধ্যমে অনুষ্ঠান শোনার সুযোগ করে দেবার জন্য পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর অবধি আজ চাঁদের হাট। আজ অধিকাংশ শ্রোতাই ঈথারে কান পাতার পরিবর্তে সহজলভ্য সদা সহচর মোবাইল ফোন-এর মাধ্যমে অনুষ্ঠান শুনে অভিভূত ও আহ্লাদিত হয়েছে। নেমে পড়েছে শ্রোতা সংগ্রহের সাংগঠনিক কাজে, এড ও শেয়ার করেছে নতুন নতুন শ্রোতাদেরকে। এ ব্যবস্থা অব্যাহত থাকলে রেডিও তেহরান বিশ্ব সেরা বেতার অনুষ্ঠান বলে পরিচিতি পেতে বেশি সময় লাগবে না বলে বিশ্বাস করি।
প্রিয়জনের এ পর্বে পুরাতন শ্রোতা ড. সালেহ মতিন ভাইয়ের ভয়েস ম্যাসেজটি ছিল অনবদ্য, সময়োপযোগী ও গঠনমূলক। সুন্দর উপদেশপূর্ণ কথাগুলো সত্যি দারুণ লেগেছে। ধন্যবাদ মতিন ভাইকে। আশা করব আগের মতো আপনার সহযোগিতার হাত প্রসারিত করবেন।
অনুষ্ঠানে নাজিম উদ্দিন ভাই এর অনুরোধে লেবাননী বংশোদ্ভূত মুসলিম সুইডিস গায়ক, গীতিকার, সঙ্গীত নির্মাতা মেহের জেইন-এর কণ্ঠে "মুহাম্মদ রহমাতুল্লিল আলামীন" আরবী সংগীতটি সত্যি দারুণভাবে উপভোগ করলাম। এ সপ্তাহের প্রিয়জন অনুষ্ঠানটি এক কথায় ছিল সার্থক, মনোগ্রহী, মেলবন্ধনের চমৎকার নিদর্শন। সুন্দর অনুষ্ঠান উপহার দেবার জন্য রেডিও তেহরানকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি।
ধন্যবাদান্তে,
আব্দুস সালাম সিদ্দিক,
সভাপতি, সকাল-সন্ধ্যা রেডিও লিসেনার্স ক্লাব,
কান্দুলিয়া, বড়পেটা, আসাম, ভারত।
পার্সটুডে/আশরাফুর রহমান/৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।