শ্রোতাদের মতামত
'আন্তর্জাতিক বেতারগুলোর মধ্যে রেডিও তেহরানই সবথেকে বেশি শ্রোতাবান্ধব'
প্রিয় মহোদয়, রেডিও তেহরানের বাংলা বিভাগের সকল কলাকুশলী ও শ্রোতৃবৃন্দকে আমার অন্তরের ভালোবাসা ও প্রীতিময় শুভেচ্ছা জানাই। পার্সটুডে ওয়েবসাইটের মাধ্যমে সারাদিন ধরে দেশ-বিদেশের খবরের মধ্যে থাকার সুযোগ করে দেওয়ার জন্য মন ভরে কৃতজ্ঞতা প্রকাশ করছি।
এই ২০২২ সালেই রেডিও তেহরান বাংলার গৌরবময় পথচলার ৪০টি বছর অতিক্রান্ত হয়েছে। সময় যত এগিয়েছে, ততই ঘরে ঘরে বেজে উঠেছে রেডিও তেহরান। শ্রোতাদের যুক্ত করে, তাদের মতামত, ভালোলাগা ও পছন্দকে গুরুত্ব দিয়ে অনুষ্ঠান সাজানোর ফলে এই গণমাধ্যমের জনপ্রিয়তা উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে। তাই বাংলাভাষী শ্রোতাদের কাছে রেডিও তেহরান 'প্রিয়জন' হয়ে উঠতে সক্ষম হয়েছে। বাংলা অনুষ্ঠানের একটি ঘণ্টা তাই শ্রোতাদের কাছে সারাদিনের প্রধান আকর্ষণের কেন্দ্রবিন্দুতে অবস্থান করে। বর্তমানে শর্টওয়েভের পাশাপাশি অনলাইনে যেমন ওয়েবসাইট, ফেসবুক, ম্যাসেঞ্জার গ্রুপ ইত্যাদি মাধ্যমে অনুষ্ঠান শোনার সুযোগ থাকায় শ্রোতারা খুব সহজেই রেডিও তেহরান শুনতে পান। ফলে এর শ্রোতাসংখ্যা দিনদিন উল্লেখযোগ্যভাবে বেড়ে চলেছে।
বিশ্বজুড়ে যত আন্তর্জাতিক বেতার রয়েছে, তার মধ্যে রেডিও তেহরানই সবথেকে বেশি শ্রোতাবান্ধব একথা আজ সর্বজনবিদিত। প্রতি সপ্তাহের সোমবার 'প্রিয়জন' অনুষ্ঠানে শ্রোতাদের চিঠিপত্র পাঠ, সরাসরি সাক্ষাৎকার সম্প্রচার, আবৃত্তি, গান ইত্যাদির মাধ্যমে শ্রোতারা অনুষ্ঠানে যুক্ত হওয়ার সুযোগ পান। ম্যাসেঞ্জার গ্রুপের সদস্য হওয়ার মধ্য দিয়ে রেডিও তেহরান ও ইরান সম্পর্কিত নানা গুরুত্বপূর্ণ আলোচনায় যুক্ত হওয়ার সুযোগ রয়েছে। রেডিও তেহরান বাংলার ফেসবুক গ্রুপে দেশ-বিদেশের বিভিন্ন সংবাদ সংক্রান্ত পোস্টে লাইক, শেয়ার ও কমেন্ট করার মাধ্যমেও শ্রোতারা নিজেদের কার্যকরী অবদান রাখতে পারেন। শ্রোতাদের পাঠানো চিঠি বা ইমেইল মানসম্মত হলে তা প্রকাশ করা হয় 'শ্রোতাদের মতামত' বিভাগ থেকে। মাসিক শ্রেষ্ঠ শ্রোতা পুরস্কার, বার্ষিক শ্রেষ্ঠ শ্রোতা পুরস্কার, সর্বাধিক শেয়ারার পুরস্কার ইত্যাদির মাধ্যমে শ্রোতাদের যথাযথ মূল্যায়নের ব্যবস্থা করেছে রেডিও তেহরানের বাংলা বিভাগ। তাছাড়া বিভিন্ন শ্রোতাক্লাবের মাধ্যমে রেডিও তেহরানের প্রচারণা ও শ্রোতাসংখ্যা বৃদ্ধির উদ্যোগ গ্রহণের জন্য পুরস্কৃত করা হয়।
শ্রোতাদের কাছে রেডিও তেহরান সহজেই যুক্ত হওয়ার সুবিধাসম্পন্ন একটি গণমাধ্যম। সমগ্র বিশ্বের বাংলাভাষী মানুষের কাছে পৌঁছে যাওয়ার, নিজেকে পরিচিত করানোর, নিজের মতামতকে প্রকাশ করার একটি গণমাধ্যম। বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা বাংলাভাষী মানুষের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলার সর্বশ্রেষ্ঠ কেন্দ্রস্থল রেডিও তেহরান বাংলা। তাই জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল রেডিওপ্রেমী শ্রোতাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ গড়ে তুলতে রেডিও তেহরানের অনন্যসাধারণ ভূমিকা সারা বিশ্বে দৃষ্টান্তমূলক হয়ে থাকবে।
ধন্যবাদান্তে,
ভাস্কর পাল
মহেন্দ্রনগর (অগ্রগামী ক্লাবের নিকটে)
পোস্ট: নাটাগড় (সোদপুর)
জেলা: উত্তর ২৪ পরগণা, পশ্চিমবঙ্গ, ভারত।
পার্সটুডে/আশরাফুর রহমান/২০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।