পরিত্যক্ত তেল ট্যাংকার খালাস করার চুক্তি করল আনসারুল্লাহ ও জাতিসংঘ
https://parstoday.ir/bn/news/west_asia-i104842-পরিত্যক্ত_তেল_ট্যাংকার_খালাস_করার_চুক্তি_করল_আনসারুল্লাহ_ও_জাতিসংঘ
যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনের উপকূলে পরিত্যক্ত একটি তেল ট্যাংকার খালাস করার ব্যাপারে হুথি আনসারুল্লাহ আন্দোলন এবং জাতিসংঘের মধ্যে চুক্তি হয়েছে। জাহাজটি ইয়েমেন উপকূলে মারাত্মক রকমের পরিবেশগত বিপর্যয়ের ঝুঁকি সৃষ্টি করেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ০৬, ২০২২ ১৪:২৫ Asia/Dhaka
  • ইয়েমেনের তেল ট্যাংকার সাফের এফএসও
    ইয়েমেনের তেল ট্যাংকার সাফের এফএসও

যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনের উপকূলে পরিত্যক্ত একটি তেল ট্যাংকার খালাস করার ব্যাপারে হুথি আনসারুল্লাহ আন্দোলন এবং জাতিসংঘের মধ্যে চুক্তি হয়েছে। জাহাজটি ইয়েমেন উপকূলে মারাত্মক রকমের পরিবেশগত বিপর্যয়ের ঝুঁকি সৃষ্টি করেছে।

গতকাল শনিবার ইয়েমেনের সর্বোচ্চ বিপ্লবী কমিটির প্রধান মোহাম্মদ আলী আল-হুথি এই চুক্তির কথা সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে দেয়া এক পোস্টে জানিয়েছেন। তিনি বলেন, জাহাজ থেকে যাতে সাগরে তেল ছড়িয়ে পড়তে না পারে সেজন্য দুপক্ষের মধ্যে এই চুক্তি হয়

২০১৫ সাল থেকে ইয়েমেনের রাস ঈসা বন্দরে সাফের এফএসও ১১ লাখ ব্যারেল তেল নিয়ে আটকা পড়ে রয়েছে। ৪৫ বছর বয়সী এই জাহাজটি দীর্ঘদিন ধরে সাগরে ভাসমান তেল স্টোরেজ প্লাটফর্ম হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। সাত বছর ধরে জাহাজটি এভাবে তেল ভর্তি অবস্থায় থাকার কারণে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে এবং যেকোন সময় তা ভেঙে পড়তে অথবা বিস্ফোরিত হতে পারে বলে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন। পরিস্থিতি এমন হলে সেখানে পরিবেশগত ও মানবিক বিপর্যয় দেখা দেবে।

মোহাম্মদ আলী আল-হুথি

এই জাহাজ থেকে ইয়েমেনি তেল সাধারণত অন্য জাহাজে ভরে চালান দেয়া হতো কিন্তু সৌদি নেতৃত্বাধীন আরব জোটের আগ্রাসন এবং অবরোধের কারণে ওই জাহাজ থেকে তেল খালাস করা যায় নি। সৌদি যুদ্ধের কারণে ইয়েমেনের তেলর বাণিজ্য স্থবির হয়ে পড়েছে এবং দেশটির তেলের পাইপলাইন ও বন্দরগুলো অকার্যকর অবস্থায় পড়ে আছে

স্বতন্ত্র গবেষণা থেকে বলা হচ্ছে, সাফের এফএও জাহাজটির তেল যদি লোহিত সাগরে ছড়িয়ে পড়ে তাহলে সেখান পরিবেশগত বিপর্যয় দেখা দেবে, ইয়েমেনের গুরুত্বপূর্ণ হুদায়দা বন্দর বন্ধ হয়ে যাবে এবং লাখ লাখ মানুষ মারাত্মক রকমের দূষণের শিকার হবে#

পার্সটুডে/এসআইবি/৬