‘বাইডেনের মধ্যপ্রাচ্য সফর ফিলিস্তিনি জাতির জন্য অনাকাঙ্ক্ষিত ঘটনা’
https://parstoday.ir/bn/news/west_asia-i110524-বাইডেনের_মধ্যপ্রাচ্য_সফর_ফিলিস্তিনি_জাতির_জন্য_অনাকাঙ্ক্ষিত_ঘটনা’
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যপ্রাচ্য সফরকে ফিলিস্তিনি জাতির জন্য একটি ‘অপ্রত্যাশিত ও অপ্রীতিকর ঘটনা’ বলে উল্লেখ করেছে ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলন। এটি বলেছে, মুসলিম ও আরব বিশ্বের জন্য এ সফর ভালো কিছু বয়ে আনবে না।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ১৪, ২০২২ ০৩:১৪ Asia/Dhaka
  • ইসলামি জিহাদ আন্দোলনের সিনিয়র নেতা আহমাদ আল-মুদাল্লাল
    ইসলামি জিহাদ আন্দোলনের সিনিয়র নেতা আহমাদ আল-মুদাল্লাল

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যপ্রাচ্য সফরকে ফিলিস্তিনি জাতির জন্য একটি ‘অপ্রত্যাশিত ও অপ্রীতিকর ঘটনা’ বলে উল্লেখ করেছে ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলন। এটি বলেছে, মুসলিম ও আরব বিশ্বের জন্য এ সফর ভালো কিছু বয়ে আনবে না।

ইসলামি জিহাদ আন্দোলনের সিনিয়র নেতা আহমাদ আল-মুদাল্লাল আরবি বার্তা সংস্থা প্যালেস্টাইন টুডেকে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন। তিনি বলেন, ফিলিস্তিন সংকট সমাধানে এই অপ্রীতিকর সফর কোনো ভূমিকা রাখতে পারবে না। ফিলিস্তিনি জাতি এই সফরের প্রতি বিন্দুমাত্র ভ্রুক্ষেপ করছে না বলেও তিনি মন্তব্য করেন।

মুদাল্লাল বলেন, শুধুমাত্র আরব বিশ্বের ওপর ইহুদিবাদী ইসরাইল ও আমেরিকার শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করা এবং তাদের প্রাকৃতিক সম্পদ লুট করার লক্ষ্যে বাইডেনের এ সফর অনুষ্ঠিত হচ্ছে।

বুধবার বাইডেনকে লাল গালিচা সংবর্ধনা জানায় ইসরাইল

ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলনের এই নেতা বলেন, চলতি সফরে বাইডেন বেথেলহামে গিয়ে ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে সাক্ষাতের যে পরিকল্পনা করেছেন তাতে ফিলিস্তিনি জনগণের কোন লাভ হবে না বরং শুধুমাত্র দখলদার ইসরাইলে স্বার্থ রক্ষিত হবে।

মুদাল্লাল বলেন, বাইডেনের চলমান মধ্যপ্রাচ্য সফরের আরেকটি মূল লক্ষ্য ফিলিস্তিন ইস্যুকে চিরতরে মুছে ফেলে দখলদার ইসরাইল সরকারকে একটি বৈধ রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়া এবং এ অঞ্চলে ইরান-ভীতি ছড়িয়ে দেয়া যাতে পারস্য উপসাগরীয় আরব দেশগুলো ওয়াশিংটন ও তেল আবিবের ওপর নির্ভরশীল থাকে।

তিনি ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বলেন, যে সাক্ষাতে ফিলিস্তিন ইস্যুকে চিরতরে মুছে ফেলার চেষ্টা করা হবে একজন ফিলিস্তিনি নেতা সে সাক্ষাতে মিলিত হতে পারেন না।#

পার্সটুডে/এমএমআই/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।