রকেট বর্ষণের জবাব দেয়ার দাবি তেল আবিবের
গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরাইল
অবরুদ্ধ গাজা উপত্যকার বিভিন্ন লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরাইল। পবিত্র রমজান মাসে আল-আকসা মসজিদে ইবাদতরত ফিলিস্তিনি মুসল্লিদের ওপর ইসরাইলি সেনাদের বর্বরোচিত হামলার প্রতিবাদে গাজা থেকে ইসরাইল অভিমুখে রকেট বৃষ্টির পর বিমান হামলা চালাল তেল আবিব।
ইসরাইলি যুদ্ধবিমান প্রথমে গাজার দক্ষিণ অংশে অবস্থিত হাই আল-জেইতুন এলাকায় তিনটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এরপর গাজা উপত্যকার বিভিন্ন অবস্থানে আরো অসংখ্য ক্ষেপণাস্ত্র হামলা চালায় দখলদার সেনারা। ইসরাইলি গণমাধ্যম দাবি করেছে, তাদের যুদ্ধবিমানগুলো গাজার বিভিন্ন স্থানে প্রতিরোধ আন্দোলনগুলোর অবস্থানে হামলা চালিয়েছে।
হামলার সময় গাজা উপত্যকার দক্ষিণ প্রান্তে অবস্থিত রাফাহ শহরে একটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। গাজা উপত্যকার অভ্যন্তরীণ সূত্রের বরাত দিয়ে লেবাননের আল-মায়াদিন টেলিভিশন জানিয়েছে, ইসরাইলি হামলা শেষ হওয়ার কয়েক সেকেন্ডের মধ্যে প্রতিরোধ আন্দোলনগুলো আবার ইসরাইল অভিমুখে রকেট বর্ষণ শুরু করে। এর ফলে ইসরাইলের সাদেরুত শহরের পাশাপাশি গাজার নিকটবর্তী ইহুদি বসতি নিরিম ও নিরামে সাইরেন বেজে ওঠে। তবে উভয় হামলায় জানমালের ক্ষয়ক্ষতি সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
বৃহস্পতিবার দিনের শুরুতে গাজা-ভিত্তিক ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস হুঁশিয়ারি উচ্চারণ করে জানায়, পবিত্র আল-আকসা মসজিদে ইসরাইলি সেনাদের হামলা বিনা জবাবে পার পাবে না।
এর আগে মঙ্গলবার (৪ এপ্রিল) গভীর রাতে ভারী অস্ত্রসস্ত্রে সজ্জিত কয়েক ডজন ইসরাইলি সেনা আল-আকসা মসজিদে হানা দেয়। এ সময় নারী, পুরুষ, শিশু ও বৃদ্ধসহ কয়েকশ’ ফিলিস্তিনি পবিত্র রমজান মাসে রাত জেগে আল্লাহ তায়ালার ইবাদত-বন্দেগিতে মশগুল ছিলেন। তাদের অনেকেই ছিলেন ইতিকাফরত।
মানবতার শত্রু ইসরাইলি সেনারা প্রথমে টিয়ারগ্যাস ও স্টান গ্রেনেড নিক্ষেপ করতে করতে আল-আকসা মসজিদে অনুপ্রবেশ করে। এরপর তারা আতঙ্কিত মুসল্লিদের বন্দুকের বাট ও বাটন দিয়ে বেদম প্রহার করে এবং আহত অবস্থায় বহু মুসল্লিকে আটক করে। এ ঘটনার সময় মোবাইল ফোনে ধারন করা ভিডিওতে দেখা যায়, ইসরাইলি সেনারা নির্দয়ভাবে মুসল্লিদের পেটাচ্ছে এবং ব্যাকগ্রাউন্ডে সাহায্যের আবেদন জানিয়ে নারী ও শিশুদের আর্তচিৎকার ভেসে আসছে।#
পার্সটুডে/এমএমআই/৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।