ইসরাইলি গণমাধ্যমের রিপোর্ট
হিজবুল্লাহর বেড়ে চলা আকাশ প্রতিরক্ষা শক্তিতে উদ্বিগ্ন তেল আবিব
লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর আকাশ প্রতিরক্ষা সক্ষমতা দিন দিন বেড়ে চলার প্রেক্ষাপটে উদ্বেগ প্রকাশ করেছে ইহুদিবাদী ইসরাইলের সামরিক বাহিনী। হিজবুল্লাহর এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কারণে লেবাননে ইসরাইলের বিমান ও ক্ষেপণাস্ত্র আগ্রাসন অনেকটাই বাধার মুখে পড়ছে।
ইসরাইলের হিব্রু ভাষার দৈনিক পত্রিকা মারিভ গতকাল (শুক্রবার) এক প্রতিবেদনে বলেছে, সাম্প্রতিক সময়ে হিজবুল্লাহর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে এবং এতে ইসরাইলের সামরিক বাহিনী উদ্বিগ্ন। প্রতিবেদনে আরো বলা হয়েছে, গত পাঁচ বছরের মধ্যে হিজবুল্লাহর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দ্বিগুণ হয়েছে এবং এ কারণে ইসরাইল যখন খুশি তখন লেবাননে আর বিমান কিংবা ক্ষেপণাস্ত্র দিয়ে আগ্রাসন চালাতে পারবে না। এজন্যই ইসরাইলি সামরিক বাহিনী বিশেষভাবে চিন্তিত।
পত্রিকাটি বলছে, "লাগাতারভাবে হিজবুল্লাহ এই সক্ষমতা বৃদ্ধি অব্যাহত রেখেছে এবং ইসরাইলি ধারণা অনুসারে, দ্রুত ব্যবহার ও এই সিস্টেমগুলোর প্রাপ্যতা হিজবুল্লাহ মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহর সিদ্ধান্তের ওপর নির্ভর করে।”
সংবাদপত্রটি আরো বলেছে, ইসরাইলি নিরাপত্তা বাহিনী বিশ্বাস করে যে, হিজবুল্লাহর শক্ত ঘাঁটি বৈরুতের দক্ষিণ শহরতলির কেন্দ্রস্থলে একটি স্থাপনার ওপর ২০১৯ সালের আগস্টে ইসরাইলি ড্রোন হামলা হয়েছিল কিন্তু ইসরাইলি ড্রোনগুলোকে গুলি করে হিজবুল্লাহ যোদ্ধারা। এটি ছিল হিজবুল্লাহর কৌশলের একটি টার্নিং পয়েন্ট। সে সময় হাসান নাসরুল্লাহ এমনটিই প্রতিশ্রুতি দিয়েছিলেন।
দৈনিক মারিভ বলছে, সাম্প্রতিক বছরগুলোতে ইসরাইল অনেকবার হিজবুল্লাহর এই সক্ষমতাকে ক্ষতিগ্রস্ত করেছে, কিন্তু হিজবুল্লাহর সামরিক সক্ষমতা বৃদ্ধি ও গুণগত মানের উন্নতি অব্যাহত রয়েছে।#
পার্সটুডে/এসআইবি/১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।