গাজায় আটক ইসরাইলিদের সংখ্যা প্রকাশ করলেন ফিলিস্তিনি যোদ্ধারা
https://parstoday.ir/bn/news/west_asia-i129130-গাজায়_আটক_ইসরাইলিদের_সংখ্যা_প্রকাশ_করলেন_ফিলিস্তিনি_যোদ্ধারা
ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস গত শনিবার ইসরাইল বিরোধী ‘আল-আকসা তুফান’ অভিযানের প্রথম প্রহরে অন্তত ১০০ ইহুদিবাদীকে ধরে গাজা উপত্যকায় নিয়ে এসেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ০৯, ২০২৩ ১১:০৭ Asia/Dhaka
  • গাজায় আটক ইসরাইলিদের সংখ্যা প্রকাশ করলেন ফিলিস্তিনি যোদ্ধারা

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস গত শনিবার ইসরাইল বিরোধী ‘আল-আকসা তুফান’ অভিযানের প্রথম প্রহরে অন্তত ১০০ ইহুদিবাদীকে ধরে গাজা উপত্যকায় নিয়ে এসেছে।

হামাসের সিনিয়র নেতা মূসা আবু মারজুক রোববার রাতে এ সংখ্যা নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, এসব বন্দির মধ্যে বহু ইসরাইলি সেনা কর্মকর্তা রয়েছে। অন্যদিকে ইসলামি জিহাদ আন্দোলনের মহাসচিব জিয়াদ আন-নাখালা জানিয়েছেন, তার সংগঠনের যোদ্ধাদের হাতে আটক হয়েছে ৩০ ইসরাইলি। এদের মধ্যেও অনেক ইহুদিবাদী সেনা রয়েছে।

জিয়াদ আন-নাখালা বলেছেন, ইসরাইলি কারাগারে একজন ফিলিস্তিনি বন্দি আটক থাকা পর্যন্ত এসব ইহুদিবাদীকে ছাড়া হবে না।  তিনি বলেন, “এটা সুস্পষ্ট যে, ইহুদিবাদী শত্রু  বিপর্যস্ত হয়ে পড়েছে। এটি যুদ্ধের শুরুতেই তার প্রধান সহযোগী আমেরিকার সাহায্য চেয়েছে যে আমেরিকা হচ্ছে পৃথিবীর সেরা ভিলেন।”

এর আগে ইহুদিবাদী ইসরাইলের পক্ষ থেকে বলা হচ্ছিল, ফিলিস্তিনি যোদ্ধারা কয়েক ডজন ইসরাইলিকে ধরে নিয়ে গেছে। এর জবাবে রোববার সকালে হামাসের পক্ষ থেকে বলা হয়েছিল আটক ইসরাইলির সংখ্যা কয়েক ডজনের চেয়ে অনেক বেশি।

এদিকে ইসরাইলের স্বাস্থ্য মন্ত্রণালয় একথা নিশ্চিত করেছে যে, ফিলিস্তিনি যোদ্ধাদের হামলায় এ পর্যন্ত অন্তত ৭০০ ইসরাইলি নিহত ও ২,৩০০ জনের বেশি আহত হয়েছে। এছাড়া, এখনও নিখোঁজ রয়েছে ৭৫০ জনের মতো ইসরাইলি।

ইহুদিবাদী ইসরাইলের গত ৭৫ বছরের ইতিহাসে ইসরাইলি সেনারা যখন খুশি তখন গাজা উপত্যকা ও পশ্চিম তীরে হানা দিয়ে নিরপরাধ ফিলিস্তিনিদের ধরে নিয়ে গেছে। এই মুহূর্তে ইসরাইলি কারাগারগুলো আটক রয়েছে অন্তত ৫,২০০ ফিলিস্তিনি যাদের মধ্যে বহু নারী ও শিশু রয়েছে। কিন্তু এই প্রথম একই ঢংয়ে ফিলিস্তিনি যোদ্ধারা ইসরাইলে ঢুকে ইহুদিবাদীদের ধরে গাজায় নিয়ে গেল।#

পার্সটুডে/এমএমআই/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।