বাইডেনের ইশারায় গাজায় গণহত্যা অব্যাহত রেখেছে ইসরাইল: হামাস
ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যার জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও তার সরকার দায়ী।
সংগঠনটি আজ (শনিবার) প্রকাশিত বিবৃতিতে আরও বলেছে, দখলদার ইহুদিবাদীরা আমেরিকার সরাসরি সমর্থন ও সহযোগিতায় নৃশংস হত্যাকাণ্ড চালাচ্ছে। আজকের সর্বশেষ গণহত্যার কথাও ঐ বিবৃতিতে তুলে ধরা হয়েছে। সেখানে বলা হয়েছে, গাজার 'আল-ফাখুরা' স্কুলে আজ হামলা চালানো হয়েছে। সেখানে বহু নারী ও শিশু আশ্রয় নিয়েছিলেন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়কে উদ্ধৃত করে আল-জাজিরা টিভি চ্যানেল জানিয়েছে, গত কয়েক ঘণ্টায় ইসরাইলি বাহিনী বেশ কয়েকটি গণহত্যার ঘটনা ঘটিয়েছে। এর ফলে ২১১ জন ফিলিস্তিনি শাহাদাৎবরণ করেছেন।
এদিকে, ইসরাইলি বাহিনী হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়ার বাড়িতেও হামলা চালিয়েছে। তার বাড়িটি গাজার আশ-শাতি শরণার্থী শিবিরে অবস্থিত। ইসমাইল হানিয়া বলেছেন, তাদের এ ধরণের হামলা ও গণহত্যা থেকে এটাই প্রমাণিত হচ্ছে তারা অত্যন্ত কঠিন অবস্থার মধ্যে পড়েছে। আমেরিকার সবুজ সংকেতেই এসব হচ্ছে।#
পার্সটুডে/এসএ/৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।