‘যেকোনো বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলার পাল্টা জবাব দিতে হবে’
ইসরাইলকে ‘শক্তিশালী জবাব’ দিতে হিজবুল্লাহর প্রতি লেবাননের এমপির আহ্বান
লেবাননের বেসামরিক লক্ষ্যবস্তুতে ইহুদিবাদী ইসরাইলের যেকোনো হামলার ‘শক্তিশালী’ জবাব দিতে হিজবুল্লাহর প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির একজন সংসদ সদস্য। দক্ষিণ লেবাননে ইসরাইলের একটি বিমান হামলায় নিহত এক পরিবারের চার সদস্যের দাফন অনুষ্ঠানে অংশগ্রহণ করতে এসে তিনি ওই আহ্বান জানান।
লেবাননের পার্লামেন্টে হিজবুল্লাহর রাজনৈতিক শাখার সংসদ সদস্য আলী ফাইয়্যাদ গতকাল (মঙ্গলবার) এ আহ্বান জানিয়ে বলেন, ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে সংঘর্ষে এখনও হিজবুল্লাহ নিজের সকল শক্তি প্রদর্শন করেনি। ফাইয়্যাদ বলেন, “লেবাননের বেসামরিক লক্ষ্যবস্তুতে আঘাতকারী যেকোনো আগ্রাসনের দ্বিগুণ জবাব দিতে হবে। হিজবুল্লাহ এখনও নিজের সকল শক্তিমত্তা প্রদর্শন করেনি।”
গত রোববার ইসরাইলি বিমান হামলায় ১০ থেকে ১৪ বছর বয়সি তিন লেবাননি বালিকা ও তাদের দাদী নিহত হন। দক্ষিণ লেবাননের একটি সড়ক দিয়ে যাওয়ার সময় তাদেরকে বহনকারী গাড়িতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরাইলি যুদ্ধবিমান। মঙ্গলবার প্রকাশিত ছবিতে দাফনের আগে লেবাননের পতাকার পাশাপাশি হিজবুল্লাহর পতাকা দিয়ে তাদের কফিন ঢেকে রাখতে দেখা যায়।
ইহুদিবাদী বাহিনী দাবি করেছে, তারা ধারনা করেছিল গাড়িটিতে করে হিজবুল্লাহর যোদ্ধারা চলাচল করছিল। দখলদার ইসরাইলি সেনারা গত এক মাসেরও বেশি সময় ধরে অবরুদ্ধ গাজা উপত্যকার হাজার হাজার বেসামরিক ঘরবাড়ি ও ভবন ধ্বংস করেছে এই অজুহাতে যে, তাদের মনে হয়েছে এসব স্থাপনা বা এর নীচে অবস্থিত টানেলে হামাস যোদ্ধারা অবস্থান করছে।
গত ৭ অক্টোবর দখলদার ইসরাইলি সেনারা গাজা উপত্যকার ওপর পাশবিক বিমান হামলা শুরু করার পরপরই লেবাননের হিজবুল্লাহ ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধ করে আসছে। সংগঠনটি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, ইসরাইলি সেনারা গাজায় গণহত্যা বন্ধ না করলে হিজবুল্লাহ তার সামরিক পদক্ষেপ শক্তিশালী করবে। লেবানন-ইসরাইল সীমান্তে গত এক মাসেরও বেশি সময়ে হিজুবল্লাহর হামলায় সাত ইসরাইলি সৈন্য ও এক বসতি স্থাপনকারী নিহত হয়েছে। অন্যদিকে ইহুদিবাদী সেনাদের হামলায় শহীদ হয়েছেন ৬০ হিজবুল্লাহ যোদ্ধা ও লেবাননের ১০ বেসামরিক ব্যক্তি।#
পার্সটুডে/এমএমআই/৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।