জেনারেল মোহেব্বি: যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার বিরুদ্ধে আমরা প্রতিরোধ গড়ে তুলব
-
আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার হোসেইন মোহেব্বি।
পার্সটুডে: ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) মুখপাত্র বলেছেন, যুক্তরাষ্ট্রের শীর্ষ নেতৃত্বকে তিনি পরামর্শ দেবেন—আগে যেসব পদক্ষেপ তারা নিয়েছে এবং যেসব ক্ষেত্রে ব্যর্থ হয়েছে, সেগুলো যেন আবার না করে। কারণ, একই ভুল বারবার করা বুদ্ধিমানের কাজ নয়।
পার্সটুডের প্রতিবেদনে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমের বরাত দিয়ে বলা হয়েছে, কোহ-এ কালাংয়ে হামলা এবং ইরানের অবকাঠামো ধ্বংসের বিষয়ে মার্কিন কর্মকর্তাদের হুমকি প্রসঙ্গে আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার হোসেইন মোহেব্বি বলেন, ট্রাম্প নিয়মিত হুমকি দেওয়ার অভ্যাসে অভ্যস্ত। তিনি ভুলে যান যে এর আগেও বিভিন্ন হুমকি দিয়েছিলেন, কিন্তু সেগুলো বাস্তবায়ন করতে পারেননি। এখন আবার নতুন করে হুমকি দিচ্ছেন।
ব্রিগেডিয়ার জেনারেল মোহেব্বি বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের যেকোনো স্থানে—শুধু কোহ-এ কালাং নয় কিংবা যে নির্দিষ্ট স্থানটির কথা হুমকিতে বলা হয়েছে শুধু সেখানেই নয়—হামলা চালায়, তাহলে ইরান পূর্ণ প্রস্তুতি নিয়ে সেই হামলার মোকাবিলা করবে। অতীতে ইরানের প্রতিরোধের ধরন সম্পর্কে যুক্তরাষ্ট্র যে অভিজ্ঞতা অর্জন করেছে এবং যার কারণে তারা নিজেদের লক্ষ্য অর্জনে বাধার মুখে পড়েছিল, একই পরিস্থিতির পুনরাবৃত্তি ঘটবে বলেও তিনি দাবি করেন।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের শীর্ষ নেতৃত্বের উচিত আগে যেসব পরিস্থিতির অভিজ্ঞতা তারা অর্জন করেছে এবং যেখানে ব্যর্থ হয়েছে, সেগুলো আবার না ঘটানো। কারণ একই বিষয় বারবার পরীক্ষা করা ভুল; কেউ কোনো কিছুর অভিজ্ঞতা একবার নেওয়ার পর আবার তা করতে গেলে তাকে অনুতপ্ত হতে হবে।
জেনারেল মোহেব্বি বলেন, যুক্তরাষ্ট্র যেসব স্থান ও এলাকায় হামলা চালিয়ে নিজেদের লক্ষ্য অর্জন করতে পারবে বলে মনে করে, সেসব ক্ষেত্রেই তাদের সেই ধারণা ভেস্তে দেওয়ার জন্য ইরান প্রস্তুত। একইসঙ্গে তিনি দাবি করেন, ইরান বাস্তব পরিস্থিতিতে তার সক্ষমতা যুক্তরাষ্ট্রের সামনে তুলে ধরতে প্রস্তুত।
সবশেষে তিনি জোর দিয়ে বলেন, শত্রুর যেকোনো সম্ভাব্য পরিস্থিতির জন্য ইরান প্রস্তুত রয়েছে। শত্রু যেকোনো ক্ষেত্রেই পদক্ষেপ নিক না কেন, ইরান তার বিরুদ্ধে ‘কঠোর জবাব’ দেবে।#
পার্সটুডে/এমবিএ/২২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।