ইসরাইলি সেনা জমায়েতে ইসলামি জিহাদের হামলা, ড্রোন ধ্বংস
https://parstoday.ir/bn/news/west_asia-i132416-ইসরাইলি_সেনা_জমায়েতে_ইসলামি_জিহাদের_হামলা_ড্রোন_ধ্বংস
ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলনের আল-কুদস ব্রিগেডস গাজায় ইসরাইলের একটি ড্রোন ধ্বংস করেছে। গাজা উপত্যকার মধ্যাঞ্চলের আকাশে এটিকে ভূপাতিত করা হয় বলে আল মায়াদিন টিভি চ্যানেল জানিয়েছে।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
ডিসেম্বর ২২, ২০২৩ ১৫:২৭ Asia/Dhaka
  • ইসলামি জিহাদের যোদ্ধা
    ইসলামি জিহাদের যোদ্ধা

ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলনের আল-কুদস ব্রিগেডস গাজায় ইসরাইলের একটি ড্রোন ধ্বংস করেছে। গাজা উপত্যকার মধ্যাঞ্চলের আকাশে এটিকে ভূপাতিত করা হয় বলে আল মায়াদিন টিভি চ্যানেল জানিয়েছে।

এছাড়া, আল-কুদস ব্রিগেডস আজ গাজা সিটির উত্তরে ইসরাইলি বাহিনীর একটি জমায়েতে বেশ কয়েকটি রকেট নিক্ষেপ করেছে। সেখানে ইসরাইলের ব্যাপক সামরিক সরঞ্জামও মোতায়েন ছিল। এ কারণে আজকের রকেট হামলায় সেখানে বহু ইসরাইলি সেনা হতাহত এবং তাদের বহু সামরিক সরঞ্জাম ধ্বংস হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, আজ হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দিন আল কাস্সাম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা গতকাল বলেছেন, গাজা যুদ্ধের শুরু থেকে গতকাল পর্যন্ত তাদের আঘাতে ইসরাইলের ৭২০ টি সামরিক যান পুরোপুরি অথবা আংশিক ধ্বংস হয়েছে। এর মধ্যে বহু ট্যাংক রয়েছে। 

তিনি আরও জানিয়েছেন, গত এক সপ্তাহে ফিলিস্তিনি স্নাইপারেরা ইসরাইলি সেনাদের লক্ষ্য করে ১৫টি অভিযান পরিচালনা করেছে। এতে কয়েক জন ইসরাইলি সেনা হতাহত হয়েছে। আবু উবাইদা স্পষ্ট করে বলেন, শত্রুরা ঐতিহাসিক ভুলের পুনরাবৃত্তি করছে। কারণ তারা ফিলিস্তিনি জাতি সম্পর্কে একেবারেই অজ্ঞ। তারা ফিলিস্তিনি সভ্যতা সম্পর্কে কিছুই জানে না। তারা যদি সত্যিই তাদের বন্দীদের জীবিত পেতে চায় তাহলে অবশ্যই যুদ্ধ পুরোপুরি বন্ধ করতে হবে। এর বাইরে কোনো পথ নেই।

আজও ইহুদিবাদী ইসরাইলি বাহিনীর ওপর যথারীতি আঘাত হেনে যাচ্ছে ফিলিস্তিনি সংগ্রামীরা।#

পার্সটুডে/এসএ/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।