হামাসের প্রধান কমান্ডার মোহাম্মদ দেইফ সুস্থই আছেন
https://parstoday.ir/bn/news/west_asia-i132446-হামাসের_প্রধান_কমান্ডার_মোহাম্মদ_দেইফ_সুস্থই_আছেন
ইহুদিবাদী ইসরাইলের গোয়েন্দা সংস্থা শিনবেথ জানিয়েছে, হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দিন আল-কাসসামের প্রধান কমান্ডার মোহাম্মাদ দেইফ সম্পূর্ণ সুস্থ আছেন। শিনবেথ দাবি করছে, তাদের হাতে একটি ভিডিও রয়েছে এবং এই ভিডিওর তথ্য থেকে তারা দেইফের সুস্থতার বিষয়টি নিশ্চিত হয়েছে।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
ডিসেম্বর ২৩, ২০২৩ ১১:৫০ Asia/Dhaka
  • হামাসের প্রধান কমান্ডার মোহাম্মদ দেইফ সুস্থই আছেন

ইহুদিবাদী ইসরাইলের গোয়েন্দা সংস্থা শিনবেথ জানিয়েছে, হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দিন আল-কাসসামের প্রধান কমান্ডার মোহাম্মাদ দেইফ সম্পূর্ণ সুস্থ আছেন। শিনবেথ দাবি করছে, তাদের হাতে একটি ভিডিও রয়েছে এবং এই ভিডিওর তথ্য থেকে তারা দেইফের সুস্থতার বিষয়টি নিশ্চিত হয়েছে।

আজ (শনিবার) ইসরাইলের গণমাধ্যমগুলো জানিয়েছে, শিনবেথের হাতে থাকা ভিডিওতে দেখা যাচ্ছে হামাসের কমান্ডার খুবই সুস্থ আছেন এবং তিনি উত্তর গাজার জাবালিয়া কার্যালয়ে প্রবেশ করছেন। ইসরাইলের পাবলিক ব্রডকাস্টিং কর্পোরেশন বা কান আজ এই খবর দিয়েছে।

ইসরাইলের মারিভ পত্রিকা অবশ্য গত ২০ ডিসেম্বর এক রিপোর্টে জানিয়েছিল, আল-কাসাম ব্রিগেডের কমান্ডার সুস্থ আছেন এবং তিনি স্বল্প আলোর মধ্যে হাঁটাহাঁটি করছেন।

মারিভ পত্রিকার ওই রিপোর্টে বলা হয়, এর আগে ইসরাইলের গোয়েন্দা সংস্থাগুলো যে তথ্য দিয়েছিল যে, মোহাম্মাদ দেইফ ইসরাইলি গুপ্তঘাতকদের হত্যা প্রচেষ্টার সময় আহত হওয়ার কারণে তিনি হাঁটতে পারেন না, তিনি হুইলচেয়ারে করে চলাফেরা করেন। কিন্তু এখন দেখা যাচ্ছে ভিন্ন চিত্র।

বলা হয়- মোহাম্মদ দেইফ সাতবার ইসরাইলি গুপ্ত ঘাতকদের হাত থেকে বেঁচে গেছেন। সর্বশেষ ২০২১ সালে তাকে হত্যার প্রচেষ্টা চালানো হয়। হামাসের এই কমান্ডার সচরাচর জনসমক্ষে আসেন না। গত ৭ অক্টোবর অপারেশন আল-আকসা স্টর্ম শুরু হওয়ার পর তিনি একটি অডিও বার্তায় জানিয়েছিলেন ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে এই আল-আকসা অভিযান শুরু হয়েছে।#

পার্সটুডে/এসআইবি/এমএআর/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।