ওয়াশিংটন পোস্টের রিপোর্ট
ইসরাইলের কাছে আরো বোমা ও যুদ্ধবিমান পাঠাচ্ছে আমেরিকা
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের গণহত্যামূলক যুদ্ধের মধ্যেই নতুন করে কয়েকশ কোটি ডলার মূল্যের বোমা এবং যুদ্ধবিমান সরবরাহ করার অনুমোদন দিয়েছে।
পেন্টাগন এবং পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তারা বলেছেন, নতুন অস্ত্র প্যাকেজের মধ্যে বৃহৎ আকারের ১৮০০টিরও বেশি বোমা রয়েছে। মার্কিন প্রভাবশালী দৈনিক ওয়াশিংটন পোস্ট এই খবর দিয়েছে।
প্রকাশিত খবর অনুসারে, এগুলো হলো দুই হাজার পাউন্ড ওজনের বোমা যা পুরো শহরের ব্লকগুলো ভেঙে ফেলতে পারে এবং এসব বোমা খুব কমই জনবহুল এলাকায় ব্যবহার করা হয়। ইসরাইল অবশ্য গাজায় এগুলো ব্যাপকভাবে ব্যবহার করেছে।
প্রেসিডেন্ট বাইডেনের ঘনিষ্ঠ সহযোগীসহ কিছু ডেমোক্র্যাট বলেছেন, রাফাহ শহরে পরিকল্পিত অভিযানের সময় বেসামরিক লোকজন হতাহতের সংখ্যা সীমিত করার বিষয়ে ইসরাইলের প্রতিশ্রুতির ঘাটতি রয়েছে। এ অবস্থায় মার্কিন সরকারের অস্ত্র আটকে রাখা এবং গাজা উপত্যকায় মানবিক ত্রাণ সরবরাহ সহজ করার দায়িত্ব পালন করতে হবে। গাজা উপত্যকা দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে রয়েছে।
ডেমোক্র্যাট সিনেটর ক্রিস ভ্যান হোলেন এক সাক্ষাৎকারে বলেন, "বাইডেন প্রশাসনকে তাদের হাতে থাকা সুবিধা কার্যকরভাবে ব্যবহার করতে হবে এবং আমার দৃষ্টিতে গাজার জন্য আরো বোমা সরবরাহের অনুমোদনের আগে তাদের এই মৌলিক প্রতিশ্রুতিগুলি খতিয়ে দেখা উচিত। আমরা যা করি, আর যা বলি তার মধ্যে মিল থাকা দরকার আছে।"
গত সপ্তাহে, মার্কিন পররাষ্ট্র দপ্তর ইসরাইলকে ২৫টি এফ-৩৫ জঙ্গিবিমান এবং ইঞ্জিন হস্তান্তরের অনুমোদন দিয়েছে।#
পার্সটুডে/এসআইবি/৩০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।