ইহুদিবাদী বসতিগুলোতে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা
পার্সটুডে- লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ঘোষণা করেছে, মাতৃভূমি লেবানন এবং এর জনগণের প্রতিরক্ষায় তারা ইহুদিবাদী বসতিগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
আজ সোমবার লেবাননের হিজবুল্লাহ আরও জানিয়েছে- তারা "কিরিয়াত শমোনা”, “আল-মাতলা” এবং “দোভিভ” নামের ইহুদিবাদী বসতিগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
লেবাননের হিজবুল্লাহ জোর দিয়ে বলেছে, এসব অভিযান লেবানন ও এর জনগণের প্রতিরক্ষায় পরিচালিত হয়েছে। এটি দক্ষিণ লেবাননের গ্রামগুলোতে ইহুদিবাদী ইসরায়েলের বারবার আগ্রাসনের জবাব এবং শত্রুপক্ষের যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের প্রতিক্রিয়া হিসেবে করা হয়েছে, যদিও প্রতিরোধ বাহিনী যুদ্ধবিরতি মেনে চলছিল।
হিজবুল্লাহ আরও জানিয়েছে, লেবানন ও এর জনগণের বিরুদ্ধে ইসরায়েলি-আমেরিকান আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এই হামলা অব্যাহত থাকবে।
হিজবুল্লাহ অপর এক বিবৃতিতে জানিয়েছে, ইসলামি প্রতিরোধ যোদ্ধারা আজ সোমবার নাহারিয়া শহরের উত্তরে অবস্থিত “লিমান” সামরিক কেন্দ্রকে একাধিক আত্মঘাতী ড্রোন দিয়ে লক্ষ্যবস্তু করেছে।
হিজবুল্লাহ আরও জানিয়েছে, প্রতিরোধ যোদ্ধারা “রাস আল-নাকুরা” সামরিক ঘাঁটিতে অবস্থানরত দখলদার বাহিনীর সমাবেশেও কয়েকটি আত্মঘাতী ড্রোন দিয়ে হামলা চালিয়েছে।#