জেরুজালেম-আল আকসা ফিলিস্তিনের অবিচ্ছেদ্য অংশ: হামাস
ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, জেরুজালেমে দখলদার ইসরায়েলি বাহিনী ও বসতি স্থাপনকারীদের ধারাবাহিক আগ্রাসন এবং আল আকসা মসজিদ প্রাঙ্গণ ঘিরে তথাকথিত ‘পতাকা মিছিল’ আয়োজন ফিলিস্তিনি ভূখণ্ডের ঐতিহাসিক ও ধর্মীয় পরিচয় পরিবর্তনের একটি ব্যর্থ প্রচেষ্টা।
পার্সটুডের বরাত দিয়ে ইরনা জানিয়েছে, এক বিবৃতিতে হামাস জোর দিয়ে বলেছে, ইসরায়েলি বাহিনী যতই দমন-পীড়ন, হামলা ও উসকানিমূলক কর্মকাণ্ড বাড়াক না কেন, তারা কখনোই ফিলিস্তিনি জনগণের হৃদয় থেকে জেরুজালেম এবং আল-আকসা মসজিদের মর্যাদা ও গুরুত্ব মুছে ফেলতে পারবে না। একই সঙ্গে পবিত্র স্থানগুলোর সুরক্ষায় ফিলিস্তিনিদের অঙ্গীকার ও প্রতিরোধের মনোভাবও দুর্বল করা সম্ভব হবে না।
বিবৃতিতে আরও বলা হয়, ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন আল-আকসা মসজিদ, ফিলিস্তিনি জনগণ এবং তাদের ভূমি ও পবিত্র স্থানসমূহ রক্ষার প্রতিশ্রুতিতে অটল রয়েছে। দখলদারিত্ব, আগ্রাসন ও ষড়যন্ত্র যতই বৃদ্ধি পাক না কেন, প্রতিরোধের লক্ষ্য থাকবে স্বাধীনতা অর্জন এবং দখলদারিত্বের অবসান।
হামাস আরব ও মুসলিম দেশগুলোর প্রতিও আহ্বান জানিয়ে বলেছে, জেরুজালেম ও আল-আকসা মসজিদের প্রতি তাদের ঐতিহাসিক ও ধর্মীয় দায়িত্ব পালনে কার্যকর ভূমিকা নিতে হবে। পাশাপাশি চলমান আগ্রাসন বন্ধ, দখলদারদের পরিকল্পনা নস্যাৎ এবং বিভিন্ন কূটনৈতিক ও রাজনৈতিক উপায়ে চাপ সৃষ্টির জন্য সর্বাত্মক উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।#
পার্সটুডে/এমবিএম/১৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।