হামাস ও ইসলামিক জিহাদের ওপর ইউরোপের নিষেধাজ্ঞা: ইয়েমেনের কঠোর প্রতিক্রিয়া
পার্সটুডে: ইয়েমেনের পররাষ্ট্র মন্ত্রণালয় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস ও ইসলামিক জিহাদের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নতুন কঠোর নিষেধাজ্ঞার তীব্র নিন্দা জানিয়েছে। তারা এটিকে 'বিশ্ব জায়নবাদের প্রতি ইউরোপের অন্ধ আনুগত্যের বহিঃপ্রকাশ' হিসেবে অভিহিত করেছে।
ইয়েমেনের পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার এক বিবৃতিতে হামাস ও ইসলামিক জিহাদের বিরুদ্ধে ইইউ'র নিষেধাজ্ঞা বৃদ্ধির প্রতিক্রিয়ায় জোর দিয়ে বলেছে, এই নিষেধাজ্ঞা গাজায় গণহত্যার নিন্দায় স্পেনসহ কিছু ইউরোপীয় সরকারের ইতিবাচক অবস্থানের সঙ্গে স্পষ্টভাবে সাংঘর্ষিক।
বিবৃতিতে বলা হয়, স্পেনসহ কয়েকটি ইউরোপীয় দেশ গাজায় চলমান পরিস্থিতিকে নিন্দা জানালেও ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা সেই অবস্থানের বিপরীত বার্তা দিচ্ছে।
এতে আরও উল্লেখ করা হয়, ইউরোপের বিভিন্ন দেশে ফিলিস্তিনপন্থী গণবিক্ষোভ এবং গাজার অবরোধ ভাঙার উদ্দেশ্যে পরিচালিত আন্তর্জাতিক ‘সুমুদ’ নৌ-অভিযানে ইউরোপীয় নাগরিকদের অংশগ্রহণ এই বাস্তবতারই প্রতিফলন।
ইয়েমেনের পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করে, ইউরোপীয় ইউনিয়নের এই সিদ্ধান্ত বিশ্বব্যাপী ইহুদিবাদের প্রভাব ও কিছু ইউরোপীয় দেশের ওপর তার রাজনৈতিক প্রভাবের ইঙ্গিত বহন করে। একই সঙ্গে ইউরোপের জনগণের প্রতি আহ্বান জানানো হয়, তারা যেন এই নীতির বিষয়ে সচেতন থাকে এবং তাদের সরকারকে জবাবদিহির আওতায় আনে।
বিবৃতিতে ইয়েমেন পুনর্ব্যক্ত করে যে তারা ফিলিস্তিনি জনগণ, হামাস, ইসলামিক জিহাদ এবং অন্যান্য প্রতিরোধ গোষ্ঠীর প্রতি তাদের সমর্থন অব্যাহত রাখবে।
এতে বলা হয়, এসব রাজনৈতিক পদক্ষেপ ফিলিস্তিনি জনগণের অধিকার আদায়ের সংগ্রামকে বাধাগ্রস্ত করতে পারবে না।
ইয়েমেন আরও জানায়, তাদের সামর্থ্য অনুযায়ী তারা ভবিষ্যতেও ফিলিস্তিনের জনগণ এবং প্রতিরোধ আন্দোলনের পাশে থাকবে।#
পার্সটুডে/এমএআর/১