সৌদি আরবের ওপর সামুদ্রিক নিষেধাজ্ঞা জারি করল ইয়েমেন
https://parstoday.ir/bn/news/west_asia-i161512-সৌদি_আরবের_ওপর_সামুদ্রিক_নিষেধাজ্ঞা_জারি_করল_ইয়েমেন
দীর্ঘ প্রায় বারো বছরের অন্যায্য অবরোধ এবং সম্প্রতি সানা' আন্তর্জাতিক বিমানবন্দরে বর্বর সামরিক হামলার কঠোর জবাব হিসেবে সৌদি আরবের বিরুদ্ধে সরাসরি সামুদ্রিক নৌ-নিষেধাজ্ঞা জারি করেছে ইয়েমেনি সশস্ত্র বাহিনী।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
জুলাই ২০, ২০২৬ ১৮:৫৭ Asia/Dhaka
  • ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি
    ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি

দীর্ঘ প্রায় বারো বছরের অন্যায্য অবরোধ এবং সম্প্রতি সানা' আন্তর্জাতিক বিমানবন্দরে বর্বর সামরিক হামলার কঠোর জবাব হিসেবে সৌদি আরবের বিরুদ্ধে সরাসরি সামুদ্রিক নৌ-নিষেধাজ্ঞা জারি করেছে ইয়েমেনি সশস্ত্র বাহিনী।

'অবরোধের বদলে অবরোধ' এবং 'সর্বাত্মক উত্তেজনার বিরুদ্ধে সর্বাত্মক পদক্ষেপ' নীতির ভিত্তিতে সোমবার এই ঐতিহাসিক সিদ্ধান্ত ঘোষণা করেন সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি। ঘোষণাটি প্রকাশের মুহূর্ত থেকেই কার্যকর বলে জানানো হয়েছে। সম্প্রতি আয়োজিত বিশাল ‘সতর্কতা ও গণজাগরণ’ মিলিয়ন-মার্চ এবং উপজাতীয় সমাবেশগুলো থেকে আসা আপামর ইয়েমেনি জনগণের সর্বাত্মক আহ্বানের সাড়া দিয়েই এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

ইয়েমেনি সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়, দীর্ঘ দিন ধরে আকাশ, স্থল ও নৌপথে সার্বিক অবরোধ আরোপের মাধ্যমে দেশটির সম্পদ লুণ্ঠন করা হচ্ছে, যা সাধারণ মানুষের দুর্ভোগকে অসহনীয় পর্যায়ে নিয়ে ঠেকিয়েছে।

ইয়েমেনি সেনাবাহিনী স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, যেকোনো পরিস্থিতির মোকাবিলা করার জন্য তারা সম্পূর্ণ যুদ্ধপ্রস্তুতি নিয়ে রেখেছে। সৌদি শাসক যদি সার্বিক উত্তেজনার মাধ্যমে কোনো প্রকার দুঃসাহস বা ভুল হিসাব-নিকাশ করার চেষ্টা করে, তবে ইয়েমেনও সর্বাত্মক ও কঠোর সামরিক জবাব দেবে।

একই সাথে ইয়েমেনি জনগণকে সার্বিক গণজাগরণ ধরে রাখা, সব ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত থাকা এবং ফ্রন্টলাইনগুলোতে যোদ্ধা পাঠিয়ে সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানানো হয়েছে। ইয়েমেনের লুণ্ঠিত অধিকার পুনরুদ্ধার না হওয়া এবং এই অন্যায় অবরোধ সম্পূর্ণরূপে শেষ না হওয়া পর্যন্ত এই লড়াই চলবে বলে পুনর্ব্যক্ত করেছে ইয়েমেনি সশস্ত্র বাহিনী।#

পার্সটুডে/এমএআর/২০