ফিলিস্তিনিদের অধিকার সমর্থনে ব্রিকসের বিবৃতিকে স্বাগত জানিয়েছে হামাস
https://parstoday.ir/bn/news/west_asia-i163064-ফিলিস্তিনিদের_অধিকার_সমর্থনে_ব্রিকসের_বিবৃতিকে_স্বাগত_জানিয়েছে_হামাস
পার্সটুডে-ইসলামি প্রতিরোধ আন্দোলন হা-মা-স ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলনে ‘নয়াদিল্লি ঘোষণা ২০২৬’-এ ফিলিস্তিন প্রসঙ্গে নেওয়া অবস্থানকে স্বাগত জানিয়েছে।
(last modified 2026-09-13T15:10:16+00:00 )
সেপ্টেম্বর ১৩, ২০২৬ ২১:০৩ Asia/Dhaka
  •  ব্রিকস সম্মেলনে নেতৃবৃন্দ
    ব্রিকস সম্মেলনে নেতৃবৃন্দ

পার্সটুডে-ইসলামি প্রতিরোধ আন্দোলন হা-মা-স ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলনে ‘নয়াদিল্লি ঘোষণা ২০২৬’-এ ফিলিস্তিন প্রসঙ্গে নেওয়া অবস্থানকে স্বাগত জানিয়েছে।

এক বিবৃতিতে সংগঠনটি ব্রিকসের অবস্থানকে ইতিবাচক উল্লেখ করে ফিলিস্তিনি জনগণের বৈধ ও অবিচ্ছেদ্য অধিকার সমর্থনের প্রশংসা করেছে।

হা-মা-স বিশেষভাবে ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণ ও নিজ ভূমিতে ফিরে যাওয়ার অধিকার, ১৯৬৭ সালের সীমান্তের ভিত্তিতে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতি ব্রিকসের সমর্থনকে স্বাগত জানিয়েছে।

জাতিসংঘে ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ, গাজা থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক-অস্থায়ী বা স্থায়ী-উচ্ছেদ প্রত্যাখ্যান এবং গাজার ভৌগোলিক ও জনমিতিক কাঠামো পরিবর্তনের বিরোধিতাকেও প্রশংসা করেছে হা-মা-স।

একইসঙ্গে ইসরায়েলি দখলদারিত্বের অবসান, অধিকৃত জেরুজালেমের ঐতিহাসিক ও আইনি অবস্থার পরিবর্তনকারী একতরফা পদক্ষেপ প্রত্যাখ্যান এবং আন্তর্জাতিক আইন ও মানবিক আইন মেনে চলার আহ্বানকে স্বাগত জানিয়েছে সংগঠনটি।

ক্ষুধাকে যুদ্ধের হাতিয়ার হিসেবে ব্যবহার, বেসামরিক মানুষ ও স্থাপনা লক্ষ্যবস্তু করা এবং মানবিক সহায়তা পৌঁছাতে বাধা দেওয়ার নিন্দা করায়ও ব্রিকসের প্রশংসা করেছে হামাস। একইসঙ্গে ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্লিউএ (UNRWA)-এর প্রতি ব্রিকসের সমর্থনকেও স্বাগত জানানো হয়েছে।

হামাস ব্রিকস সদস্য দেশগুলোর প্রতি এসব অবস্থানকে কার্যকর পদক্ষেপে রূপ দেওয়ার আহ্বান জানিয়েছে, যাতে ফিলিস্তিনিদের স্বাধীনতা, আত্মনিয়ন্ত্রণ এবং জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার অধিকার বাস্তবায়নের পথ তৈরি হয়।#

পার্সটুডে/এনএম/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।