ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যের সময় ইরানসহ ১৩ দেশের ওয়াকআউট
https://parstoday.ir/bn/news/west_asia-i163968-ইসরায়েলি_প্রেসিডেন্টের_বক্তব্যের_সময়_ইরানসহ_১৩_দেশের_ওয়াকআউট
আজারবাইজানের রাজধানী বাকুতে এশিয়ায় সহযোগিতা ও আস্থা বৃদ্ধির লক্ষ্যে গঠিত সম্মেলন (সিকা)-এর সপ্তম শীর্ষ সম্মেলনে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের বক্তব্যের প্রতিবাদে সম্মেলনকক্ষ ত্যাগ করেছে ইরানসহ ১৩টি দেশের প্রতিনিধিরা।
(last modified 2026-10-15T15:12:25+00:00 )
অক্টোবর ১৫, ২০২৬ ২০:৩০ Asia/Dhaka
  • বাকুতে সিকা-এর সপ্তম শীর্ষ সম্মেলন
    বাকুতে সিকা-এর সপ্তম শীর্ষ সম্মেলন

আজারবাইজানের রাজধানী বাকুতে এশিয়ায় সহযোগিতা ও আস্থা বৃদ্ধির লক্ষ্যে গঠিত সম্মেলন (সিকা)-এর সপ্তম শীর্ষ সম্মেলনে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের বক্তব্যের প্রতিবাদে সম্মেলনকক্ষ ত্যাগ করেছে ইরানসহ ১৩টি দেশের প্রতিনিধিরা।

তেহরান টাইমস প্রকাশিত তথ্য অনুযায়ী, ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যের সময় সম্মেলনকক্ষ ত্যাগ করা প্রতিনিধিদলগুলো হলো—ইরান, ফিলিস্তিন, পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক, ইরাক, মিশর, কুয়েত, কাতার, জর্ডান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও বাংলাদেশ।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপমন্ত্রী কাজেম গারিবাবাদি দেশটির প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। তাঁর নেতৃত্বাধীন প্রতিনিধিদলও এই ওয়াকআউটে অংশ নেয়।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইসরায়েলি প্রেসিডেন্ট বক্তব্য শুরু করার পরপরই পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধিদল প্রতিবাদ জানিয়ে সম্মেলনকক্ষ থেকে বেরিয়ে যায়।

ইরানের প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, সম্মেলনে অংশ নেওয়া ২৮টি প্রতিনিধিদলের মধ্যে প্রায় অর্ধেক ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যের প্রতিবাদে সম্মেলনকক্ষ ত্যাগ করেছে।#

পার্সটুডে/এমএআর/১৫