আমেরিকা আমাদের কৌশলগত অংশীদার, শত্রু নয়: তুর্কি প্রধানমন্ত্রী
আমেরিকা আমাদের কৌশলগত অংশীদার এবং দেশটি আমাদের শত্রু নয় বলে এবার মন্তব্য করেছেন তুর্কি প্রধানমন্ত্রী বিনআলী ইলদিরিম।
তুরস্কে গতমাসে ব্যর্থ সেনা অভ্যুত্থানে জড়িত ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলেনকে ফেরত না দেয়ায় ওয়াশিংটনের প্রতি আঙ্কারা সরকারের ক্ষোভ থাকা সত্ত্বেও প্রধানমন্ত্রী বিনআলী এ মন্তব্য করেন। গুলেন বর্তমানে আমেরিকায় স্বেচ্ছা নির্বাসনে রয়েছেন।
গুলেনের নাম উল্লেখ করে বিনআলী ইস্তাম্বুলে সাংবাদিকদের বলেন, দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে উত্থান-পতন হতে পারে। তবে সম্পর্কের পথে ক্ষতিকর বিষয়গুলো আমাদের অপসারণ করা উচিত।
গত মাসের মাঝামাঝি সময়ে তুরস্কে সংঘঠিত ব্যর্থ সেনা অভ্যুত্থানের সন্দেহভাজন মূল পরিকল্পণাকারী গুলেনকে ওয়াশিংটন এখন পর্যন্ত আঙ্কারার কাছে ফেরত পাঠাতে অস্বীকৃতি জানিয়ে আসছে। এদিকে, ওই অভ্যুত্থানে গুলেন যে জড়িত রয়েছেন তার প্রমাণ চায় ওয়াশিংটন।
এছাড়া, আঙ্কারা মিশরের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চায় বলে আজ (শনিবার) জানিয়েছেন তুর্কি প্রধানমন্ত্রী বিনআলী ইলদিরিম।#
পার্সটুডে/বাবুল আখতার/২০