আলেপ্পোয় ত্রাণ তৎপরতা জোরদারে সম্মত তুরস্ক ও রাশিয়া
https://parstoday.ir/bn/news/west_asia-i18273-আলেপ্পোয়_ত্রাণ_তৎপরতা_জোরদারে_সম্মত_তুরস্ক_ও_রাশিয়া
সিরিয়ার সহিংসতা কবলিত আলেপ্পো শহরের বেসামরিক লোকজনের জন্য মানবিক ত্রাণ তৎপরতা ত্বরান্বিত করতে সম্মত হয়েছে তুরস্ক ও রাশিয়া। তুরস্কের রাষ্ট্র-নিয়ন্ত্রিত আনাদোলু সংবাদ সংস্থা এ খবর দিয়ে জানিয়েছে, প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ‘আলেপ্পোর জনগণের কাছে সাহায্য পৌঁছে দেয়ার তৎপরতা জোরদার করতে’ সম্মত হয়েছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ২৭, ২০১৬ ০০:৫৮ Asia/Dhaka
  • আলেপ্পোয় ত্রাণ তৎপরতা জোরদারে সম্মত তুরস্ক ও রাশিয়া

সিরিয়ার সহিংসতা কবলিত আলেপ্পো শহরের বেসামরিক লোকজনের জন্য মানবিক ত্রাণ তৎপরতা ত্বরান্বিত করতে সম্মত হয়েছে তুরস্ক ও রাশিয়া। তুরস্কের রাষ্ট্র-নিয়ন্ত্রিত আনাদোলু সংবাদ সংস্থা এ খবর দিয়ে জানিয়েছে, প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ‘আলেপ্পোর জনগণের কাছে সাহায্য পৌঁছে দেয়ার তৎপরতা জোরদার করতে’ সম্মত হয়েছেন।

আনাদোলু জানিয়েছে, দুই প্রেসিডেন্ট শুক্রবার এক টেলিফোন সংলাপে সিরিয়া পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশসহ সব জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে আঞ্চলিক নিরাপত্তা বাড়ানোর জন্য যৌথ প্রচেষ্টা জোরদার করতেও সম্মত হন।

আগামী মাসের প্রথম সপ্তাহে চীনে অনুষ্ঠেয় জি২০ শীর্ষ সম্মেলনের অবকাশে দ্বিপক্ষীয় বৈঠকে বসতেও একমত হয়েছেন এরদোগান ও পুতিন। তুর্কি বার্তা সংস্থার পক্ষ থেকে প্রকাশিত এ খবরের সত্যতা নিশ্চিত করেছে রাশিয়া।

গত বছর তুর্কি-সিরিয়া সীমান্তে তুরস্কের বিমান বাহিনী একটি রুশ জঙ্গিবিমান গুলি করে ভূপাতিত করার পর দু’দেশের সম্পর্কে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। তবে পরবর্তীতে ওই ঘটনার জন্য আঙ্কারা দুঃখ প্রকাশ করার পর গত জুনে নিজেদের মধ্যে সম্পর্ক উন্নয়ন করতে সম্মত হয় তুরস্ক ও রাশিয়া।

সিরিয়ার উত্তরাঞ্চলীয় আলেপ্পো শহরে দেশটির সরকার বিরোধী সশস্ত্র বিদ্রোহীদের বড় ঘাঁটি রয়েছে। প্রায় ২০ লাখ জনসংখ্যা অধ্যুষিত শহরটিতে দু’পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষের কারণে সাধারণ মানুষের জীবন বিপণ্ন হয়ে পড়েছে। এ অবস্থায় ওই নগরীতে একটি টেকসই যুদ্ধবিরতি প্রতিষ্ঠা ও ত্রাণ তৎপরতা চালানোর চেষ্টা করছে জাতিসংঘ।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৭