সিরিয়াকে সন্ত্রাসমুক্ত করতে সাহায্য করবে তুরস্ক!
https://parstoday.ir/bn/news/west_asia-i18481-সিরিয়াকে_সন্ত্রাসমুক্ত_করতে_সাহায্য_করবে_তুরস্ক!
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, তার দেশের সীমান্ত বা এর কাছাকাছি এলাকায় কোনো ধরনের সন্ত্রাসী তৎপরতা মেনে নেবে না আঙ্কারা। রোববার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় গাজিয়ানতেপ প্রদেশে হাজার হাজার সমর্থকের উদ্দেশে দেয়া ভাষণে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ২৯, ২০১৬ ০২:০৮ Asia/Dhaka
  • সিরিয়াকে সন্ত্রাসমুক্ত করতে সাহায্য করবে তুরস্ক!

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, তার দেশের সীমান্ত বা এর কাছাকাছি এলাকায় কোনো ধরনের সন্ত্রাসী তৎপরতা মেনে নেবে না আঙ্কারা। রোববার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় গাজিয়ানতেপ প্রদেশে হাজার হাজার সমর্থকের উদ্দেশে দেয়া ভাষণে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

এরদোগান বলেন, “সিরিয়াকে দায়েশমুক্ত করতে আমরা সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ নেব।” তিনি আরো দাবি করেন, সিরিয়ায় তৎপর কুর্দি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী পিওয়াইডি’র ক্ষেত্রেও একই ব্যবস্থা নেবে আঙ্কারা।

তুর্কি প্রেসিডেন্ট বলেন,  সন্ত্রাস বিরোধী যুদ্ধ করতে সিরিয়ার জারাবলুস শহরে সেনা পাঠিয়েছেন তিনি। “প্রয়োজনে সিরিয়ার অন্যান্য অঞ্চলেও আঙ্কারা সেনা পাঠাতে দ্বিধা করবে না” বলেও উল্লেখ করেন এরদোগান।

গাজিয়ানতেপ শহরের একটি বিয়ে বাড়িতে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ৫৫ ব্যক্তি নিহত হওয়ার এক সপ্তাহ পর শহরটি পরিদর্শন করলেন রজব তাইয়্যেব এরদোগান।

এদিকে রোববার সিরিয়ার উত্তরাঞ্চলে তুর্কি বাহিনীর হামলায় প্রায় ৪০ বেসামরিক ব্যক্তি নিহত ও অপর ৭৫ জন আহত হয়। সিরিয়ার আলেপ্পো প্রদেশের একটি গ্রামে তুর্কি বিমান হামলা ও কামানের গোলাবর্ষণে এসব হতভাগ্য মানুষ প্রাণ হারায়।

উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ ও কুর্দি বিচ্ছিন্নতাবাদীদের দমনের অজুহাতে গত ২৪ আগস্ট সিরিয়ায় সেনা ও ট্যাংক পাঠায় তুরস্ক। সিরিয়া সরকার এ ঘটনাকে দেশটির সার্বভৌমত্ব লঙ্ঘন বলে অভিহিত করে এর নিন্দা জানিয়েছে।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৯