ইরাকের কারবালায় সন্ত্রাসী হামলায় ১৮ ব্যক্তি নিহত
https://parstoday.ir/bn/news/west_asia-i18547-ইরাকের_কারবালায়_সন্ত্রাসী_হামলায়_১৮_ব্যক্তি_নিহত
ইরাকের মধ্যাঞ্চলীয় কারবালা প্রদেশের একটি আবাসিক এলাকায় এক শক্তিশালী বোমার বিস্ফোরণে এক ডজনের বেশি বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ২৯, ২০১৬ ১২:৩২ Asia/Dhaka
  • ইরাকের কারবালায় সন্ত্রাসী হামলায় ১৮ ব্যক্তি নিহত

ইরাকের মধ্যাঞ্চলীয় কারবালা প্রদেশের একটি আবাসিক এলাকায় এক শক্তিশালী বোমার বিস্ফোরণে এক ডজনের বেশি বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে।

ইউফ্রেটিস অপারেশনস কমান্ড আজ (সোমবার) এক বিবৃতিতে জানিয়েছে, কারবালার প্রাদেশিক রাজধানীর ১২০ কিলোমিটার পশ্চিমে আইন-আল তাম্‌র শহরে গতরাতে বিস্ফোরক বেল্ট পরা পাঁচ সন্ত্রাসী একটি বিয়ের অনুষ্ঠানে হামলা চালালে এসব ব্যক্তি নিহত হয়।

হামলাকারীদের একজন সেখানে গ্রেনেড নিক্ষেপের পাশাপাশি নিজের সঙ্গে থাকা কালাশনিকভ রাইফেল দিয়ে গুলি ছোঁড়ে এবং পরে আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটায়। তবে আরো বড় ধরনের ক্ষতি ঘটানোর আগেই ইরাকি নিরাপত্তা বাহিনী বাকি চার হামলাকারীকে গুলি করে হত্যা করে।

হামলায় অন্তত ১৮ ব্যক্তি নিহত এবং ২৬ জন আহত হয়েছে বলে প্রাদেশিক স্বাস্থ্য বিভাগের প্রধান জানিয়েছেন। এখনো কোনো  ব্যক্তি বা গোষ্ঠী হামলার দায়িত্ব স্বীকার করে নি। জাতিসংঘের ইরাক বিষয়ক মিশন তার সর্বসাম্প্রতিক প্রতিবেদনে জানিয়েছে, দেশটিতে সন্ত্রাস এবং সশস্ত্র হামলায় গত মাসে ৭৫৯ ইরাকি নিহত এবং ১,২০৭ জন আহত হয়েছে।#

পার্সটুডে/বাবুল আখতার/মুজাহিদুল ইসলাম/২৯