'ইসরাইলি বিমান হামলার মুখে অলস বসে থাকবে না হামাস'
ইহুদিবাদী ইসরাইল অবরুদ্ধ গাজা উপত্যকায় কয়েক দফা বিমান হামলা চালানোর পরিপ্রক্ষিতে তেল আবিবের বিরুদ্ধে পাল্টা সামরিক হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস।
হামাসের মুখপাত্র সামি আবু জুহরি গতকাল (বুধবার) ইসরাইলের বিমান হামলা প্রসঙ্গে বলেন, "গাজা উপত্যকায় ইসরাইলের পাশবিক হামলার নিন্দা জানাচ্ছি এবং এ ধরনের হামলা অব্যাহত থাকলে এর বিরুদ্ধে সমুচিত জবাব দেয়া হবে।" তিনি আরো বলেন, ইসরাইলকে অব্যাহতভাবে হামলা চালিয়ে যেতে দেয়া হবে না এবং হামাস যোদ্ধারা অলস বসে থাকবে না।
গতকাল ইহুদিবাদী ইসরাইলি সেনারা খান ইউনুস শহরের দক্ষিণ অংশে, বেইত হানুন শহরের কাছে এবং আল -তুফাহ এলাকায় কয়েক দফা বিমান হামলা চালিয়েছে। তবে এসব বিমান হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায় নি। ইসরাইলের সেদরতের একটি সড়কে রকেট আঘাত হানার অভিযোগে এসব এলাকায় বিমান হামলা চালানো হয় বলে তেল আবিব দাবি করেছে।#
পার্সটুডে/বাবুল আখতার/৬