ইসরায়েলি সেনাদের মধ্যে আত্মহত্যা বৃদ্ধি; আরও দুই সেনার মৃত্যু
পার্সটুডে: ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, আরও দুই ইসরায়েলি সেনার আত্মহত্যার ঘটনায় চলতি বছরের শুরু থেকে আত্মহত্যায় নিহত ইসরায়েলি সামরিক সদস্যের সংখ্যা ১৬ জনে পৌঁছেছে। ইরনার বরাত দিয়ে পার্সটুডে জানায়, অধিকৃত ভূখণ্ড থেকে প্রকাশিত দৈনিক হারেৎস জানিয়েছে, চলতি সপ্তাহে ইসরায়েলি সেনাবাহিনীর দুই নারী সেনা আত্মহত্যার ফলে মারা গেছেন।
পত্রিকাটি আরও জানিয়েছে, চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ইসরায়েলি সেনাবাহিনীতে কর্মরত অন্তত ১৬ জন সেনা আত্মহত্যা করেছেন। ২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি সেনা ও সাবেক সেনাদের মধ্যে আত্মহত্যার ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
ইসরায়েলি এই সংবাদমাধ্যমটি এর আগের এক প্রতিবেদনে আরও জানিয়েছিল, ২০২৫ সালে ইসরায়েলি সেনাবাহিনীর ২২ জন বাধ্যতামূলক সামরিক সেবায় নিয়োজিত সেনা আত্মহত্যা করেন, যা গত ১৫ বছরের মধ্যে সর্বোচ্চ রেকর্ড করা সংখ্যা।
প্রতিবেদন অনুযায়ী, সাম্প্রতিক আত্মহত্যার ঘটনাগুলোর বেশিরভাগই গাজায় চলমান যুদ্ধের সঙ্গে সম্পর্কিত মানসিক আঘাতের কারণে ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এর মধ্যে দীর্ঘ সময় যুদ্ধক্ষেত্রে মোতায়েন থাকা, ভয়াবহ দৃশ্য প্রত্যক্ষ করা এবং সহযোদ্ধাদের হারানোর মতো অভিজ্ঞতা রয়েছে।#
পার্সটুডে/এমবিএ/২৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।