এরদোগানের ‘দায়িত্বজ্ঞানহীন’ বক্তব্যের কড়া জবাব দিল ইরাক
-
সা’দ আল-হাদিসি
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান সম্প্রতি ইরাক থেকে তার দেশের সেনা সরিয়ে নেয়ার ব্যাপারে যে দায়িত্বজ্ঞানহীন বক্তব্য দিয়েছেন তার তীব্র প্রতিবাদ জানিয়েছে বাগদাদ। ইরাকি প্রধানমন্ত্রীর মুখপাত্র সা’দ আল-হাদিসি বলেছেন, “তুর্কি প্রেসিডেন্টের এ ধরনের দায়িত্বজ্ঞানহীন বক্তব্য হবে আগুনে ঘি ঢালার সমান এবং তা উত্তেজনাকে আরো বাড়িয়ে দেবে।”
ইরাকি মুখপাত্র বলেন, তার দেশে তুরস্কের সেনা মোতায়েন নিয়ে বাগদাদ-আঙ্কারা মতবিরোধ নিরসনে তুর্কি সরকার মোটেই আন্তরিক নয়। হাদিসি আরো বলেন, প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি এরইমধ্যে আঙ্কারাকে সতর্ক করে দিয়ে বলেছেন, ইরাকের সার্বভৌমত্ব লঙ্ঘনের পরিণতি দু’দেশের জন্যই ‘ভয়াবহ’ হবে। আঙ্কারার সঙ্গে বাগদাদ বাকযুদ্ধ এড়িয়ে চলতে চায় বলেও তিনি মন্তব্য করেন।
এর আগে মঙ্গলবার তুর্কি প্রেসিডেন্ট ইস্তাম্বুলে এক বৈঠকে বলেন, ইরাক ত্যাগ করার জন্য তুরস্কের সেনাবাহিনী বাগদাদের অনুমতি নেবে না। এরদোগান শিষ্টাচারের মাথা খেয়ে বলেন, “ইরাকি প্রধানমন্ত্রী আবার কে? আপনি আগে নিজের অবস্থান জানুন।” তিনি অত্যন্ত দাম্ভিক সুরে আরো বলেন, “আপনি ইরাক থেকে কীভাবে চিৎকার করলেন সেটা মোটেও গুরুত্বপূর্ণ নয়। আপনার জানা উচিত, আমরা যা চাই তাই আমরা করি।”
ইরাকে তৎপর উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে যুদ্ধ করার অজুহাতে চলতি বছরের গোড়ার দিকে দেশটিতে সেনা অনুপ্রবেশ ঘটিয়েছে তুরস্ক। বাগদাদের বারবার অনুরোধ সত্ত্বেও আগ্রাসী সেনা প্রত্যাহার করে নি তুরস্ক।
সম্প্রতি ইরাকি প্রধানমন্ত্রী এবাদি বলেন, “ইরাকে তুর্কি সেনা উপস্থিতির কোনো স্থান নেই। কারণ, আমরা বর্তমানে দায়েশের বিরুদ্ধে যুদ্ধ করছি এবং এ যুদ্ধ তুর্কি সেনাদের কারণে বাধাগ্রস্ত হচ্ছে।” তিনি আরো বলেন, “এই মুহূর্তে আমরা তুর্কি বাহিনীর সঙ্গে সামরিক সংঘাতে যেতে চাই না এবং তুরস্কের নেতৃত্ব কোনো মানসম্মত আচরণ করছে না।”#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১২