কেউ আমাকে স্বৈরশাসক বললেও আমি পরোয়া করি না: এরদোগান
-
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, “কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকে’র গেরিলা ও তাদের প্রতি সমর্থন দেয়া লোকজনের ওপর ধরপাকড় চালালে কেউ যদি আমাকে স্বৈরশাসক বলেন তাতে আমার কিছুই যায় আসে না।”
তিনি বলেন, “সামগ্রিকভাবে ইউরোপ সন্ত্রাসবাদকে সমর্থন দিচ্ছে। এমনকি যদিও তারা পিকেকে গোষ্ঠীকে সন্ত্রাসী বলে ঘোষণা দিয়েছে তারপরও আমরা দেখছি ইউরোপে থেকে পিকেকে স্বাধীন ও মুক্তভাবে কাজ চালিয়ে যেতে পারছে।” গতকাল (রোববার) টেলিভিশনে দেয়া এক ভাষণে এ কথা বলেন এরদোগান।
তুরস্কের তৃতীয় বৃহত্তম কুর্দিপন্থি দল পিপলস ডেমোক্র্যাটিক পার্টি বা এইচডিপি’র নয় সংসদ সদস্যকে আটক করার পর ইউরোপসহ সারা বিশ্বে থেকে যখন তীব্র নিন্দা ও সমালোচনার মুখে পড়েছেন তখন এরদোগান ভাষণে এ কথা বললেন।
তুর্কি প্রেসিডেন্ট বলেছেন, “পশ্চিমারা কারা তা আমরা জানি। আমরা তাদের ইতিহাস খুব ভালো করে পাঠ করেছি। আমরা এসব খুব ভালো জানি। ১৪ বছর প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে গিয়ে আমি তাদেরকে খুব ভালো করে চেনেছি। আমি এখন তাদেরকে খোলা বইয়ের মতো পড়তে পারি। তারা যদি আমাকে স্বৈরশাসক কিংবা আরো কিছু বলে; আমি তার পরোয়া করি না।”#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/৭