এরদোগানকে অবমাননা করে মামলার আসামি ১,৮৫০ ব্যক্তি
২ মার্চ (রেডিও তেহরান): তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানকে অবমাননা করে গত দুই বছরে ১,৮৫০ ব্যক্তি মামলার মুখে পড়েছে। তুরস্কে যখন বিরোধীদের কণ্ঠ স্তব্ধ করার বিষয়ে উদ্বেগ বাড়ছে তখন এসব মামলার খবর এল। তুরস্কের বিচারমন্ত্রী বাকির বোজদাগ দেশটির জাতীয় সংসদে এ তথ্য দিয়েছেন।
বাকির বোজদাগ জানান, ২০১৪ সালে এরদোগান প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর এসব ব্যক্তি তাকে অবমাননা করেছে এবং তাদের বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে। সংসদে তিনি বলেন, “আমাদের প্রেসিডেন্টকে লোকজন যে স্তরের অবমাননা করেছে তা আমি উচ্চারণ করতে পারব না; আমি স্রেফ লজ্জিত হচ্ছি।”
সমালোচকার বলে থাকেন, তুর্কি প্রেসিডেন্ট এরদোগান আইনের অপব্যবহার করছেন যে আইনে প্রেসিডেন্টের অবমানা নিষিদ্ধ করা হয়েছে। এ আইনে তুরস্কের বহু সেলিব্রেটি, সাংবাদিক এমনকি স্কুল শিক্ষার্থীকে কারাগারে পাঠানো হয়েছে।
এরদোগান দিন দিন জনপ্রিয়তা হারাচ্ছেন এবং জনমনে অসন্তুষ্টি দেখা দিচ্ছে। সমালোচকরা বলছেন, ধীরে ধীরে এরদোগানের ভেতরে একনায়কসুলভ আচরণ স্পষ্ট হয়ে উঠছে এবং সমালোচনাকে তিনি অবমননা হিসেবে গণ্য করেন।#
রেডিও তেহরান/এসআই/২