এরদোগানকে মানবাধিকার লঙ্ঘনকারী বলল ইসরাইল
-
ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইমানুয়েল নাশোন
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানকে মানবাধিকার লঙ্ঘনকারী বলে অভিহিত করেছে ইহুদিবাদী ইসরাইল। মুসলমানদের সঙ্গে ইসরাইলের আচরণকে বর্ণবাদী বলার পর তেল আবিব এরদোগানকে মানবাধিকার লঙ্ঘনকারী বলল।
ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইমানুয়েল নাশোন গতকাল (সোমবার) বলেছেন, “যিনি নিজ দেশে ধারাবাহিকভাবে মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছেন তিনি এ অঞ্চলের সত্যিকার গণতান্ত্রিক দেশের নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলতে পারেন না।”
ইমানুয়েলের বক্তব্যের আগে গতকাল এরদোগান ইস্তাম্বুল শহরে এক অনুষ্ঠানে বলেছেন, “আল্লাহ চাইলে আমরা কখনই অধিকৃত ফিলিস্তিনের আল-কুদস শহরে আজান বন্ধ হতে দেব না।” ওই বক্তৃতায় এরদোগান তেল আবিব থেকে মার্কিন দূতাবাস সরিয়ে আল-কুদস শহরে নেয়ার পরিকল্পনারও সমালোচনা করেন।
গত ফেব্রুয়ারি মাসে ইসরাইল আল-কুদস শহরে আজান বন্ধের বিষয়ে একটি বিতর্কিত বিল পাস করেছে তবে এখনো তা বাস্তবায়ন করে নি। এ নিয়ে ফিলিস্তিনি জনগণের মধ্যে এক ধরনের উত্তেজনা বিরাজ করছে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/৯