ইয়েমেনে সৌদি গোয়েন্দা ড্রোন ভূপাতিত
-
ধ্বংসপ্রাপ্ত ড্রোনের বিভিন্ন অংশ
ইয়েমেনের সেনাবাহিনী ও আনসারুল্লাহ আজ (রোববার) সৌদি আরবের একটি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করেছে। আল-মাসিরা টিভি চ্যানেল ইয়েমেনের সামরিক সূত্রের বরাত দিয়ে এ খবর দিয়েছে।
ইয়েমেনের উত্তর-পূর্বের হাজ্জাহ প্রদেশের মিদি এলাকায় ড্রোনটি ভূপাতিত করা হয়। সেখানে ধ্বংসপ্রাপ্ত ড্রোনের বিভিন্ন অংশ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এছাড়া, ইয়েমেনের সেনাবাহিনী ও আনসারুল্লাহ 'যালে' প্রদেশে আগ্রাসী বাহিনীর একটি হামলা প্রতিহত করেছে।
এদিকে, সুদানের সেনাবাহিনীর মুখপাত্র আহমাদ খালিফা আশ-শামি জানিয়েছেন, ইয়েমেনে সৌদির পক্ষে যুদ্ধ করতে গিয়ে তাদের আরও দুই সেনা প্রাণ হারিয়েছে। আহত হয়েছে আরও কয়েক জন।
গতমাসেও সুদানের সেনাবাহিনী ইয়েমেনে তাদের পাঁচ সেনা নিহতের কথা স্বীকার করেছিল। সৌদি আরব দারিদ্রপীড়িত প্রতিবেশী দেশ ইয়েমেনে ব্যবহারের জন্য সুদানসহ বিভিন্ন দেশ থেকে অর্থের বিনিময়ে সৈন্য ভাড়া করে এনেছে।
ইয়েমেনে সৌদি হামলায় এ পর্যন্ত হাজার হাজার বেসামরিক মানুষ নিহত হয়েছে।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/১৪