আলোচনায় ইচ্ছুক, সার্বভৌমত্ব নিয়ে ছাড় নয়: সৌদি জোটকে জানাল কাতার
https://parstoday.ir/bn/news/west_asia-i41182-আলোচনায়_ইচ্ছুক_সার্বভৌমত্ব_নিয়ে_ছাড়_নয়_সৌদি_জোটকে_জানাল_কাতার
কাতার বলেছে, সংকট নিরসনে অবরোধ আরোপকারী পারস্য উপসাগরীয় দেশগুলোর সঙ্গে আলোচনায় প্রস্তুত রয়েছে দোহা তবে সার্বভৌমত্বের প্রসঙ্গে কোনো ছাড়ই দেয়া হবে না। দোহার ওপর আরোপিত অবরোধ তুলে নেয়ার জন্য সৌদি জোটের ১৩ দফা দাবির বিষয়ে এ কথা বলেন কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুরহমান আস সানি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ৩০, ২০১৭ ০৮:১৬ Asia/Dhaka
  • আলোচনায় ইচ্ছুক, সার্বভৌমত্ব নিয়ে ছাড় নয়: সৌদি জোটকে জানাল কাতার

কাতার বলেছে, সংকট নিরসনে অবরোধ আরোপকারী পারস্য উপসাগরীয় দেশগুলোর সঙ্গে আলোচনায় প্রস্তুত রয়েছে দোহা তবে সার্বভৌমত্বের প্রসঙ্গে কোনো ছাড়ই দেয়া হবে না। দোহার ওপর আরোপিত অবরোধ তুলে নেয়ার জন্য সৌদি জোটের ১৩ দফা দাবির বিষয়ে এ কথা বলেন কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুরহমান আস সানি।

তিনি বলেন, দ্ব্যর্থহীন ভাবে কাতার জানিয়ে দিতে চায় যে সার্বভৌমত্ব প্রসঙ্গে কোনো ছাড়ই দেয়া হবে না। অবশ্য প্রতিবেশী দেশগুলোর বৈধ অভিযোগ নিয়ে দোহা আলোচনায় ইচ্ছুক বলেও জানান তিনি।

তিনি আরো বলেন, ভিত্তিহীন অভিযোগ এবং মিথ্যা ধারণাকে কেন্দ্র করে কাতারের বিরুদ্ধে বৈরী পদক্ষেপ নেয়া হয়েছে। সৌদি জোট তাদের অভিযোগের বিষয়ে কোনো তথ্য প্রমাণ এখনো হাজির করতে পারেনি বলেও জানান তিনি।

কাতারি পররাষ্ট্রমন্ত্রী সৌদি জোটের দাবিগুলোকে অযৌক্তিক হিসেবে উল্লেখ করে বলেন, এর মাধ্যমে দোহার পররাষ্ট্র নীতিকে গুরুত্বহীন এবং কাতারের জাতীয় সার্বভৌমত্ব ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা হয়েছে।

সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত বা ইউএই, বাহরাইন এবং মিশর চলতি মাসের ৫ তারিখে কাতারের বিরুদ্ধে অবরোধ আরোপ করেছে। সন্ত্রাসবাদের সঙ্গে কথিত যোগসাজশের অভিযোগ এনে এ পদক্ষেপ নেয়া হলেও তা পরিষ্কার ভাষায় প্রত্যাখ্যান করেছে দোহা।

অবরোধ আরোপেরও দুসপ্তাহের বেশি পরে কাতার বিরোধী পদক্ষেপ তুলে নেয়ার জন্য দোহার কাছে ১৩ দফা দাবি পেশ করে সৌদি জোট। এ সব শর্ত মেনে নেয়ার জন্য ১০ দিনের  সময়সীমাও বেধে দেয়া হয়।

সৌদি জোটের ১৩ দফা দাবির অন্যতম হলো, ইরানের সঙ্গে সম্পর্ক হ্রাস করা, দোহার তুর্কি সামরিক ঘাঁটি এবং কাতারের আল জাজিরা নেটওয়ার্ক বন্ধ করা। এ ছাড়া, ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস এবং লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহসহ ইখওয়ানুল মুসলেমিনের সঙ্গে দোহার সম্পর্ক ছিন্ন করার দাবিও এতে রয়েছে।# 

পার্সটুডে/মূসা রেজা/৩০