ফ্রান্স সফরে যাচ্ছেন কাতারের আমির শেখ তামিম
https://parstoday.ir/bn/news/west_asia-i41450-ফ্রান্স_সফরে_যাচ্ছেন_কাতারের_আমির_শেখ_তামিম
খুব শিগগিরই ফ্রান্স সফরে যাচ্ছেন সৌদি আরবের নেতৃত্বাধীন চার আরব দেশের কূটনৈতিক তোপের মুখে পড়া কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে সানি। ফ্রান্স সরকার এ খবর জানিয়ে বলেছে, চলতি গ্রীষ্মের শেষাংশে প্যারিস সফর করবেন কাতারের আমির।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ০৪, ২০১৭ ০১:১৫ Asia/Dhaka
  • কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে সানি
    কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে সানি

খুব শিগগিরই ফ্রান্স সফরে যাচ্ছেন সৌদি আরবের নেতৃত্বাধীন চার আরব দেশের কূটনৈতিক তোপের মুখে পড়া কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে সানি। ফ্রান্স সরকার এ খবর জানিয়ে বলেছে, চলতি গ্রীষ্মের শেষাংশে প্যারিস সফর করবেন কাতারের আমির।

সোমবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন মধ্যপ্রাচ্যে চলমান কূটনৈতিক সংকট নিয়ে কাতারের আমির আলে সানির সঙ্গে টেলিফোনে কথা বলেন। এরপর প্রেসিডেন্ট ম্যাকরনের দপ্তর এক বিবৃতিতে জানায়, “টেলিফোনালাপের সময় আমির বলেন, উদ্ভূত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে তিনি গ্রীষ্মের শেষ নাগাদ ফ্রান্স সফর করবেন বলে আশা করছেন।”

তবে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন কাতারের আমিরকে ফ্রান্স সফরের আমন্ত্রণ জানানোর পর আমির ওই বক্তব্য দিয়েছেন কিনা তা বিবৃতিতে উল্লেখ করা হয়নি। এর আগে কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছিল, আগামী কয়েক সপ্তাহের মধ্যে কাতারের আমির ফ্রান্স সফরে যাচ্ছেন।

সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিশর গত ৫ জুন কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন ও দেশটির ওপর কঠোর অবরোধ আরোপ করে যার ফলে মধ্যপ্রাচ্যে গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে মারাত্মক কূটনৈতিক সংকট দেখা দেয়।

পরবর্তীতে ২২ জুন ওই চার দেশ কাতারকে ১৩ দফা শর্ত দিয়ে জানায়, এসব শর্ত মেনে নিলেই কেবল দোহার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পাশাপাশি দেশটির ওপর থেকে অবরোধ প্রত্যাহার করা হবে। ওই শর্ত মেনে নেয়ার জন্য যে ১০ দিন সময় দেয়া হয়েছিল তা রোববার মধ্যরাতে শেষ হয়ে যাওয়ার আগে সে সময় আরো দুই দিনের জন্য বাড়ায় রিয়াদ। কাতারের পররাষ্ট্রমন্ত্রী দৃশ্যত বর্ধিত সময় শেষ হওয়ার একদিন আগেই সোমবার রাতে তার দেশের বক্তব্য কুয়েতকে জানিয়ে দিয়েছেন। চলমান কূটনৈতিক সংকট নিরসনে দু’পক্ষের মধ্যে মধ্যস্থতা করছে কুয়েত।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৪